কাতালোনিয়ার স্বাধীনতার স্বীকৃতি দেবে না বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৭
দেশ ডেস্ক: স্বাধীন কাতলোনিয়ার ধারণাকে সমর্থন করছে না বাংলাদেশ। কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে স্পেনের নেয়া সাংবিধানিক পদক্ষেপ সমর্থন দিয়ে বলা হয়েছে, কাতালান সংসদে দেয়া স্বাধীনতার ঘোষণার পক্ষে নেই বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রনালয় এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, আন্তর্জাতিক আইনের পরিমন্ডলের ভিত্তিতে- কাতালানের স্বাধীনতা সংক্রান্ত সঙ্কটকে বাংলাদেশ স্পেনের আভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করছে। এছাড়াও, কাতালানের পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার এক সপ্তাহ পরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, জাতীয় স্বার্থ রক্ষার্থে স্পেন সরকারের নেয়া পদক্ষেপ সে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনেই নেয়া হয়েছে বলে মনে করছে বাংলাদেশ। আরো বলা হয়, বাংলাদেশ এবং স্পেনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমরা পরস্পরের রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে শ্রদ্ধাশীল।
রাষ্ট্রীয় স্বার্থে আভ্যন্তরীণ বিষয়ে নেয়া যে কোন পদক্ষেপের ব্যাপারেও আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজিয়ে থাকবে। উল্লেখ্য, ২৭ অক্টোবরে কাতালানের পার্লামেন্টের নেতা কার্লেস পুইগডেমন্ট কাতালানের স্বাধীনতার ঘোষণা দেন। এর পর সংবিধানের ১৫৫ ধারা জারি করে এ প্রক্রিয়াকে থামিয়ে দেয় স্পেন। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশও কাতালোনিয়ার স্বাধীনতার সিদ্ধান্তে সমর্থন দেয় নি।

