মালালা এখন অক্সফোর্ডের শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৭
লন্ডন, ১৮ আগস্ট: শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছেন। বৃহস্পতিবার মালালা অক্সফোর্ড কর্তৃপক্ষের পাঠানো একটি ইমেইল বার্তার স্ক্রিনশট দিয়ে তার অক্সফোর্ডে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি টুইট করে জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে।
১৯ বছর বয়সী মালালা ওই টুইটে এ-লেভেল পাস করা তার সকল বন্ধুদেরকেও অভিনন্দন জানান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি- এ তিনটি বিষয় দেওয়া হয়েছে মালালাকে। তিনি এর মধ্য একটি বিষয় বেছে নিতে পারবেন। ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণ করে নিজের দেশকে নেতৃত্ব দিতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন মালালা। সে ইচ্ছা থেকে তিনি রাজনীতিকেই পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
বিশ্বব্যাপী অনেক বিখ্যাত মানুষজনই অক্সফোর্ডের শিক্ষার্থী ছিলেন। যাদের মধ্যে এখন পর্যন্ত মোট ২৭ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ৩০ বিশ্বনেতা, সোনাজয়ী ১২০ জন ক্রীড়াবিদ ও ৫০ জন নোবেল বিজয়ী।
পাকিস্তানে মেয়েদেরকে শিক্ষার অধিকারের জন্য সোচ্চার হওয়ায় তালেবানদের রোষানলে পড়েছিলেন মালালা। ২০১২ সালে তালেবান বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে বৃটেনের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হন মালাল। সুস্থ হওয়ার পরও মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ চালিয়ে যান তিনি। বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী হিসেবে এবং সাহসিকতার জন্য প্রশংসিত হন। এসব কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া সেই মালালা ইউসুফজাই এখন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছেন।

