হাউস অব কমন্সে আরএ ফাউন্ডেশনের সম্মাননা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর ২০২৫: যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অনুষ্ঠিত হলো আরএ ফাউন্ডেশনের সম্মাননা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপসানা বেগম এমপি । বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এবং খ্যাতিমান সংগীত শিল্পী শুভ্র দেব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপিকা তামান্না মিয়া । পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মনির খান । উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার মোঃ আয়াস মিয়া, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমায়ুন কবির, কমিউনিটি নেতা শাহ মুনিম, কবি আসমা মাতিন, প্রফেসর মিসবাহ কামাল, সাংবাদিক মিছবাহ জামালসহ কমিউনিটির বিশিষ্টজন। বক্তারা ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে মানবিক ও সামাজিক কাজ আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আপসানা বেগম এমপি আরএ ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সুলুক আহমেদ আরএ ফাউন্ডেশনকে কাউন্সিলের সহযোগিতার আশ্বাস দেন।
আকবর হোসেন বলেন, ফাউন্ডেশন দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংগীতশিল্পী শুভ্র দেব শুভকামনা জানিয়ে ফাউন্ডেশনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমর্থকদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয় । তাছাড়া ফাউন্ডেশনের কার্যক্রমের ভিডিও দেখানোর পাশাপাশি কবিতা আবৃত্তি ও খ্যাতিমান কণ্ঠশিল্পী শুভ্র দেব-এর কণ্ঠে ছিলো সংগীত পরিবেশনা। এমপি আপসানা বেগমের কাজকে উৎসর্গ করে সাংবাদিক রহমত আলীর লেখা কবিতা ‘প্রতিবাদী কণ্ঠ’ আবৃত্তি করেন শিল্পী সেলিনা জাহান ।
অপসানা বেগম এমপি তাঁর বক্তৃতায় যুক্তরাজ্যে বর্ণবাদ ও বৈষম্যের বিষয়টি তুলে ধরেন। তামান্না মিয়া বর্ণবাদ, বৈষম্য, বুলিং এবং ইসলামোফোবিয়ার প্রভাব ও মানসিক স্বাস্থ্যের ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য রাখেন । তিনি তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “Words Hurt Just as much as Actions” এবং ITV নিউজের প্রতিবেদনও প্রদর্শন করেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠান হাউস অব কমন্সে আপসানা বেগম এমপির সহযোগিতায় আরএ ফাউন্ডেশনের দ্বিতীয় আয়োজন । সাম্প্রতিক বছরগুলোতে ফাউন্ডেশন বাংলাদেশে বন্যাদুর্গতদের সহায়তা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, ঈদ সামগ্রী বিতরণ এবং কোভিড-১৯ কালে সুরক্ষা সামগ্রী সরবরাহসহ নানান মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

