অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে উত্তর দিলেন না ব্রিটিশ হাইকমিশনার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরে বৈঠকের বিষয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রত্যাশার কথা তুলে ধরেন সারাহ কুক। বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি তিনি।
সিইসির সঙ্গে এর আগে ১০ মার্চ বৈঠক করেছিলেন ব্রিটিশ হাইকমিশনার। ওই বৈঠক শেষে তিনি বলেছিলেন, ‘যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায়।’
যুক্তরাজ্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নির্বাচন দেখতে চায় কিনা- সোমবার এমন প্রশ্ন করা হলে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আমি অন্য আর কোনো কথা বলবো না। যেমনটা আমি বলেছি, যুক্তরাজ্য আগামী বছর অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে।’
সাংবাদিকরা আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে এবার কোনো উত্তর না দিয়ে চলে যান কুক।
সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে সারাহ কুক জানান, ‘বৈঠক খুব ভালো হয়েছে। ভালো আলোচনা হয়েছে। আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। যুক্তরাজ্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করে।’
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘নির্বাচন নিয়ে নাগরিকদের শিক্ষিত করার প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যও সহযোগিতা করছে। বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলোর জন্য এবং পোলিং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে।’

