আরামিটের এজিএম জাহাঙ্গীরের ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার হওয়া তার মালিকানাধীন কোম্পানি আরামিট পিএলসির এজিএম জাহাঙ্গীর আলম আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় মহানগর হাকিম মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মো. মোকাররম হোসাইন বলেন, “সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীরা কীভাবে বিদেশে টাকা পাচার করেছেন, জাহাঙ্গীর আলম জবানবন্দিতে তার বিশদ বর্ণনা দিয়েছেন।
“পাশাপাশি চারটি ব্যাংকের ১১টি চেকের মাধ্যমে যে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছিল তা বিদেশে পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি।”
বুধবার চট্টগ্রামের কালুরঘাট এলাকায় আরামিট পিএলসির অফিস থেকে জাহাঙ্গীর আলমকে আটকের তথ্য দিয়েছিলেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সুবেল আহমেদ।
গত এক সপ্তাহে এসব টাকা তোলা হয় জানিয়ে দুদক কর্মকর্তারা বলেছেন, জাহাঙ্গীর আলমকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৩ লাখ ৭৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে আরামিট পিএলসির অন্য দুই এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করেছিল দুদক।
ওই দুজনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখাতে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিশেষ জজ মো. আবদুর রহমানের আদালতে আবেদন করে দুদক।
দুদকের আইনজীবী মো. মোকাররম হোসাইন বলেন, “ওই তিন মামলায় তারা এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে তাদের সম্পৃক্ততা আসায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আদালত তা মঞ্জুর করেছেন।”
গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি আদালত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আদেশ দেয়।
দুদকের করা যে মামলায় জাবেদ ও রুকমীলা আসামি, সেই মামলায় আরামিট পিএলসির দুই এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে দুদক। ওই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা।
গত ২৪ জুলাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সেই মামলাতেই ইন্টারপোলের রেড নোটিস জারির আদেশ আসে।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও বোন রোকসানা জামান চৌধুরী (৫৬) ছাড়াও ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়।

