কূটনীতিকদের সঙ্গে বৈঠক : অন্তত একবারের জন্য পিআর চায় জামায়াত
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ সফরে আসা ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার রাজধানীর গুলশানে ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক হয়। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন হবে কি না- তা জানতে চেয়েছেন। জবাবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মানসিকতা পরিবর্তন প্রয়োজন। বড় প্রমাণ ডাকসু এবং জাকসু। পরাজিতরা ফল মানতে চায়নি। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ফল পাল্টে দেওয়ার চেষ্টা কাজ হয়নি। পিআর পদ্ধতিতে একক প্রার্থী থাকবে না বলে, ফল পাল্টে ফেলা বা কেন্দ্র দখল থাকবে না। অন্তত একবার পিআর হোক। যদি এটা ভালো না হয়, পরেরবার বদল করা যাবে।
ডা. তাহের বলেন, ইউরোপীয় প্রতিনিধিদের বলা বলা হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সংস্কারের সুযোগ লাগাতে আন্তরিক। সরকার প্রতিশ্রিুতি দিয়েছে, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন হবে।
জামায়াত নায়েবে আমির বলেছেন, সমস্যা হলো যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে তা নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। সংলাপে অংশগ্রহণকারী ৩১ দলের ২৬টি পিআরের পক্ষে। কেউ শুধু উচ্চকক্ষে আবার কেউ উভয়কক্ষে পিআর চায়।
ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি হলেও ঐকমত্য হবে কী না- তা নিয়ে সংশয় প্রকাশ করে ডা. তাহের বলেছেন, সনদকে আইনি ভিত্তি দেওয়া শুধু সিদ্ধান্তের ব্যাপার। না হলে দেখা যাবে, এক মাস আলোচনায় আরও একমাস পিছিয়েছি। জামায়াত কখনও বলেনি নির্বাচন বর্জন করবে। শুধু নিজের দাবি জানাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে রয়েছেন- মুনির সাতৌরী, ইসাবেলা ভিয়েডার-লিমা, আরকাদিুস মুলারচিক, উর্মাস পায়েট, এবং কাতারিনা ভিয়েইরার।
জামায়াতের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এতে অংশ নেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা।
পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৮ এবং ১৯ সেপ্টেম্বরের বিক্ষোভ সমাবেশ সকালের পরিবর্তে বিকেলে হবে।

