বিমানবন্দরে তল্লাশির সময় যাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় অসুস্থ হয়ে আবুল বাসার বেপারি নামের এক যাত্রী মারা গেছেন। সোমবার সকালে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবুল বাসারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (অ্যাভসেক) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল বাসার শরীয়তপুরের নড়িয়া উপজেলার পুনাইখারকান্দি গ্রামের ওমর আলী বেপারির ছেলে। তিনি বসুন্ধরা সিটি শপিংমলে সিয়াম ইলেকট্রনিক্স ও ফোন স্টুডিও মোবাইল শোরুমে চাকরি করতেন।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, রোববার রাত ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন আবুল বাসার। ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে লাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমস গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশির মুখে পড়েন তিনি। লাগেজে শুল্কমুক্ত পণ্য থাকার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় আবুল বাসার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল বাসারের চাচা আনোয়ার হোসেন বেপারি জানান, কর্তব্যরত কাস্টমস কর্মকর্তারা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁর সঙ্গে থাকা মালপত্র একাধিকবার স্ক্যান করেন তারা। সন্দেহজনক কিছু না থাকার পরও তাঁকে তল্লাশি করা হয়। পরে তিনি স্ট্রোকে মারা যান।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মসিউর রহমান বলেন, আবুল বাসারের লাগেজ খোলা হয়নি। কিন্তু আবুল বাসার অসুস্থ হয়ে পরে মারা যান।

