নিলামে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: দেশের বৈদেশিক মুদ্রার বাজার- বিশেষত ডলারের দর স্থিতিশীল রেখে রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহকে সহায়তা দিতে গত দুই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ১ দশমিক ৭ বিলিয়ন (১৭০ কোটি) ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনেই কেনা হয়েছে ৩৫৩ মিলিয়ন ডলার। একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিলামে ডলার ক্রয়ের জন্য প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছিল।
২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক মোট ১ হাজার ৭৪৭ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনে বাজারে হস্তক্ষেপ করছে। স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের নিলামের মাধ্যমে ব্যাংকগুলোকে ডলার বিক্রিও করবে।
তিনি আরও বলেন, ‘প্রয়োজন মনে হলে স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আমরা যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ বিবেচনা করতে পারি।
আড়াই লাখ টাকার কৃষি ঋণে সিআইবি চার্জ মওকুফ
কৃষি ও পল্লী ঋণে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংক। গতকাল কৃষি ঋণ বিভাগের একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় (যেখানে এনজিও বা এমএফআই যুক্ত নয়) কৃষি ও পল্লী ঋণ প্রদানের সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি নেওয়া যাবে না।
এর আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি। ফলে অনেক গ্রাহক এ সুবিধা থেকে বঞ্চিত হন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কৃষি ও পল্লী ঋণে শুধুমাত্র নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

