ফোর্ড স্কোয়ার মসজিদ মাদ্রাসার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের এশা’আতুল ইসলাম, মস্ক মাদ্রাসা ও কালচারাল সেন্টারের বার্ষিক সাধারণ সভা ৩১ আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভাটি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন হাফিজ আব্দুল মুনিম। সভাপতি হাফিজ মাওলানা শামসুল হক স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির বহুমুখী কার্যক্রমের বিবরণ তুলে ধরেন এবং মাদ্রাসার দাওরা বিভাগের আর্থিক চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ফান্ড রেইজার নিয়োগ এবং দফতরিক কর্মী নিয়োগের প্রস্তাব উপস্থাপন করা হয়। এছাড়াও স্কুল পরিচালনার সরকারি নতুন নির্দেশনা ও পরিদর্শন সংক্রান্ত সকলকে অবহিত করা হয়। পরে সেক্রেটারি ইনুস আলী বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ট্রেজারার মালিক আলী বার্ষিক হিসাব বিবরণী প্রদান করেন। উভয় রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ফোর্ড স্কোয়ার মসজিদ, লন্ডন ইসলামিক (সেকেন্ডারি) স্কুল এবং দারুল উলুম ফোর্ড স্কোয়ার (তাকমীল ফিল হাদিস) মাদ্রাসা দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সান্ধ্যকালীন ও সপ্তাহান্তকালীন মক্তব, হিফজ, তরুণদের দ্বীনি খন্ডকালীন শিক্ষা কার্যক্রম, বয়স্কদের তাজবীদ, তাফসীরুল কোরআন এবং মাসিক বাংলা ও ইংরেজিতে বয়ান কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়।
মসজিদটি লন্ডন হসপিটাল ও টাওয়ার হ্যামলেটস টাউন হলের পাশে অবস্থিত। প্রতি শুক্রবার জুমুয়াতে প্রায় তিন হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন। এছাড়াও মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে ১৬ ফোর্ড স্কোয়ার থেকে। পরবর্তীতে ১৯৯৮ সালে ১৮/২২ ড্যামিয়েন স্ট্রীটে ত্রিতল ভবন ক্রয় করা হয়। ২০১৯ সালে কাউন্সিল থেকে ক্রয়কৃত পার্কের জমি ব্যবহার করে ড্যামিয়েন স্ট্রীটের ভবনের সঙ্গে যুক্ত করে নতুন ত্রিতল ভবন নির্মাণ শুরু হয় এবং ২০২১ সালে তা সম্পূর্ণ হয়।
প্রতিষ্ঠানটির তিনজন প্রতিষ্ঠাতা-বিশ্বনাথ বর্ণীর মাওলানা তহুর উদ্দীন, গোলাপগঞ্জ দেউলগ্রামের হাফিজ মোজাহিদ উদ্দীন এবং জগন্নাথপুর শ্রীরামশীর আব্দুর রহিম চৌধুরী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ১৯৯৯ সালে লন্ডন ইসলামিক স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০০ সালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা আহমদ শফী (রাঃ) এবং মাওলানা ওয়ারিস উদ্দীন হাজিপুরী (রাঃ) বার্ষিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

