আওয়ামী লীগের ১৫ বছর : সম্পদ যাচাই হচ্ছে ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকের
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫
দেশ ডেস্ক:: ক্ষমতাচ্যুত বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দায়িত্বে থাকা ২৬টি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও এমডিদের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সরকারি ছয়টি এবং বেসরকারি খাতের ১৮টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। তদন্তের অংশ হিসেবে তাদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য তলব শুরু করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসব ব্যাংকে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।
একই সঙ্গে ২০০৯ সাল থেকে হাসিনা সরকারের পতনের দিন পর্যন্ত দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের সব গভর্নর, ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানরা তদন্তের আওতায় এসেছেন। সম্প্রতি দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে এসব কর্মকর্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাদের দায়িত্বের সময়কাল বিবেচনা করা হয়েছে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ড. ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার এবং ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে দুদক।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এ তালিকায় সরকারি ব্যাংক রয়েছে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক ও বিডিবিএল। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী, সোশ্যাল ইসলামী, আইএফআইসি, ইউসিবি, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আল-আরাফাহ্ ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, ন্যাশনাল, এনআরবি, এনআরবি গ্লোবাল, মেঘনা, বাংলাদেশ কমার্স, প্রিমিয়ার, পদ্মা, এবি এবং আইসিবি ইসলামী ব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে যারা পরিচালক ও এমডি ছিলেন, তাদের বেশির ভাগই এখন দায়িত্বে নেই।
যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তবে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক খাতে বড় ধরনের অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে বড় বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। বেসরকারি খাতের অনেক ব্যাংকেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ কারণে এসব ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও এমডি হিসেবে গত ১৫ বছর যারা দায়িত্বে ছিলেন, তাদের ব্যাংক হিসাব ও সম্পদের হিসাব তলব করে তদন্ত করে ব্যবস্থা নেবে দুদক। এর মধ্যে আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এমন ছয়টি ব্যাংকও রয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কোনো কোনো ব্যাংক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গ্রাহকদের টাকা ঠিকমতো ফেরত দিতে পারছে না। কোনো কোনো ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। কয়েকটি ব্যাংক একীভূত করারও উদ্যোগ নিয়েছে। ওই কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতের অনিয়ম বন্ধ করতে নানা পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে। এ কারণে কোনো কোনো ব্যাংকে খেলাপি ঋণের হার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তিনি শুনেছেন, একটি ব্যাংকের খেলাপি ঋণ ৯৫ শতাংশ। খবর: সমকাল

