যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫
যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গত সোমবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সি হলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় এবং দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নামে নির্ধারিত হলে।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং ফ্যাসিবাদমুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিগত দিনের মতো সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।” প্রবাসের মাটিতে যুক্তরাজ্য যুবদল এত সুন্দর ও সুসংগঠিত অনুষ্ঠান করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকার জন্য প্রধান অতিথি সম্মাননা তুলে দেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, প্রধান উপদেষ্টা শাইস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, তাজুল ইসলাম, গোলাম রব্বানী সুহেল, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, সাবেক সভাপতি রহিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ, খসরুজ্জামান খসরু, মিসবাহুজ্জামান সুহেল, গুলজার খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

