বাংলাদেশ সংসদে প্রবাসীদের ১০ শতাংশ আসন ও ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে লন্ডনে বিশেষ সভা
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫
বাংলাদেশ জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ এবং ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে এক বিশেষ সভার আয়োজন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা। গত ২ আগস্ট ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার সভাপতি সাংবাদিক রহমত আলী এবং সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মামুন চৌধুরী। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও সাবেক স্পিকার আহবাব হোসেন, সহ-সভাপতি শাহ মুনিম, আবু সুফিয়ান চৌধুরী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, আমিনুর রশিদ চৌধুরী, রুকন চৌধুরী, শেখ আব্দুল হালিম, আবুল বাশার, আয়েশা বেগম, আজিজুল আম্বিয়া, ফারুক মিয়া, আব্দুল আউয়াল, মো. নিশাত সরোয়ার, মো. রফিক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে প্রবাসীদের ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হলে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের পথ সুগম হবে। সরকার প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই, যা হতাশাজনক।
এছাড়া সভায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে অন্যান্য এয়ারলাইন্সের অবতরণ ব্যবস্থা করার দাবি জানানো হয়। একইসাথে প্রবাসীদের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনেরও আহ্বান জানানো হয়, যেখানে জেলা জজ বা সমমর্যাদার বিচারক নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে গেজেট প্রকাশের প্রস্তাব রাখা হয়।
উল্লেখ্য, এইচআরপিবির ইউকে শাখা দীর্ঘদিন ধরে প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন দাবি ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডেন্ট হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ।

