লন্ডনে মানবাধিকার সংগঠনগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ : ৫ আগস্ট ‘জুলাই দিবস’ সফল করতে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫
আগামী ৫ আগস্ট ‘জুলাই দিবস’ পালন উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিতব্য গণজমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ ও প্রবাসী সমাজের ঐক্যবদ্ধ চেতনাকে শক্তিশালী করার লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হবে।
গত ২৮ জুলাই সোমবার লন্ডনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক পাঁচটি মানবাধিকার সংগঠন-নিরাপদ বাংলাদেশ চাই, জাস্টিস ফর ভিকটিমস, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এবং রাইটস অফ দ্য পিপল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাইটস অব দ্য পিপলের সভাপতি আসাদুজ্জামান সাফি।
লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের জুলাইয়ে যখন বাংলাদেশ ব্ল্যাকআউট হয়ে যায়, ঠিক তখন গোটা বিশ্বে প্রবাসীরা আন্দোলন জোরদার করেন। যার বৃহৎ ভূমিকা রেখেছেন যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। আগামী ৫ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বিশাল গণজমায়েতের মূল উদ্দেশ্য হলো জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে শ্রদ্ধা জানানো, নতুন বাংলাদেশ গঠনে সংস্কার কার্যক্রম, গণতান্ত্রিক পরিবেশে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে জুলাই স্মৃতিচারণ, আলোকচিত্র প্রদর্শনী, গণস্বাক্ষর কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এতে যুক্তরাজ্যে অবস্থানরত সর্বস্তরের প্রবাসী জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মো. জয়নাল আবেদিন, জাস্টিস ফর ভিকটিমস-এর সভাপতি মো. জহিরুল ইসলাম, নিরাপদ বাংলাদেশ চাই-এর যুগ্ম সম্পাদক রায়হান আহমেদ এবং ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল-এর সহ-সভাপতি আবুল মনসুর খান।
এছাড়াও সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, কমিউনিটি ব্যক্তিত্ব রহমত আলী, আব্দুল মুমিন জাহেদী ক্যারল, হাসনাত আরিয়ান খান, এনাম চৌধুরী, আবুল হাসনাত চৌধুরী এবং ড. মুহাম্মাদ মুঈনুদ্দীন মৃধা।
সংগঠনগুলোর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ, মাওলানা নিজাম উদ্দিন, মো. আব্দুল হামিদ শিমুল, মো. নোমান মিয়া, আশরাফুল ইসলাম মাজিদ, আব্দুল মান্নান রেজু, মো. রুস্কান মিয়া, মো. মুহিবুর রহমান বুলবুল, শামসুদ্দোহা মঞ্জু, মো. জামিল হোসাইন, আব্দুল মোনেম, মো. নুরুল ইসলাম মাসুদ, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসাইন, রাসেল আহমেদ, ইকবাল হোসাইন, সানাউর রহমান চৌধুরী, মো. কাওছার আহমেদ ও হামিদ মিয়া প্রমুখ।

