ব্রিটেনে গোলাপগঞ্জের মেয়ে নিকিতার কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫
ব্রিটেনে বেড়ে ওঠা গোলাপগঞ্জের মেয়ে নিকিতা জারা আবেদীন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। গত ২১ জুলাই সোমবার, তিনি এই গৌরবজনক সাফল্য অর্জন করেন।
ছাত্রজীবনের শুরু থেকেই অসাধারণ মেধার স্বাক্ষর রেখে চলা নিকিতা জিসিএসসি পরীক্ষায় ১৩টি সর্বোচ্চ গ্রেড এবং এ লেভেলে ৪টি সর্বোচ্চ গ্রেড অর্জন করেছেন। তার এই ধারাবাহিক কৃতিত্ব দেখে খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মর্গান, গত বছরই তাকে চাকরির প্রস্তাব দেয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন।
নিকিতা জারা আবেদীন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর গ্রামের কৃতি সন্তান। তার পিতা মোহাম্মদ কাহেরুল আবেদীন (বাবুল) একজন প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী এবং টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মাতা ইয়াসমিন আবেদীন একজন খ্যাতনামা শিক্ষাবিদ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নিকিতা সবার ছোট।
নিজের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে নিকিতা বলেন, তাঁদের সহানুভূতি, সমর্থন ও দোয়া ছাড়া আজকের এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে আরও উচ্চতর শিক্ষায় নিজেদের দক্ষতা উন্নত করার লক্ষ্যে তিনি দেশবাসী ও প্রবাসী সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। নিকিতা জারা আবেদীন-এর এই গৌরবজনক অর্জনে হিলালপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা।সংবাদ বিজ্ঞপ্তি

