১ মিলিয়ন পাউন্ড না মিললে বন্ধ হবে সুইডেনের উপসালার নির্মাণাধীন মসজিদ: তহবিল সংগ্রহে লন্ডনে ফান্ডরেইজিং ডিনার ৫ আগস্ট
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫
সুইডেনের উপসালা শহরের স্টেনহেগেন এলাকায় একটি মসজিদ নির্মাণকাজ শেষ করতে জরুরি ভিত্তিতে এক মিলিয়ন পাউন্ড অর্থের প্রয়োজন পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ না হলে স্থানীয় প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারে। এমনকি ভবনটি ভেঙে ফেলার আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে গত শুক্রবার (২৫ জুলাই) লন্ডন-বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জরুরি এই তহবিল সংগ্রহ কার্যক্রম সফল করতে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) পূর্ব লন্ডনের রয়েল রেজেন্সিতে একটি ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ১৫ আগস্ট (শুক্রবার) চ্যানেল এস-এ একটি লাইভ টেলিভিশন আপিল অনুষ্ঠিত হবে। এই দুটি আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সবাইকে আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ড.আকমল হায়দার, ইসলামিক সেন্টারের অন্যতমপ্রতিষ্ঠাতা, প্রবিণ মুরব্বি খালেদ চৌধুরী, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী, কুশিয়ারা ফিনান্সিয়াল সার্ভিস, কুশিয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এর ম্যানেজিং ডিরেক্টর হারুন মিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, বাংলাদেশ সেন্টারের ট্রেজারার শিব্বির আহমেদ, সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ, বৃটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ, চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুইডেনের উপসালা ও আশপাশের মুসলিম কমিউনিটির সহযোগিতায় মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে একটি ছোট কমিউনিটি হিসেবে সুইডেনে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। গত কয়েক মাসে ব্রিটেনের মুসলিম কমিউনিটি, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিদের উদার সহযোগিতার কারণে আমাদের সবার মনে আশার সঞ্চার হয়েছে। এই সহযোগিতার ধারাবাহিকতায় ব্রিটেনের বিভিন্ন শ্রেণিপেশার বরেণ্য কমিউনিটি নেতৃবৃন্দ উপসালার স্টেনহেগেন মসজিদ দুটি সফর করেছেন। এই সফর আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা এখন এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধভাবে নির্ধারিত সময়ের আগেই মসজিদের সব আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
এতে সবার সহযোগিতা চেয়ে বলা হয়, এই মহৎ কাজটি সফলভাবে এগিয়ে নিতে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি। আপনাদের অবগতির জন্য স্টেনহেগেন মসজিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো-মসজিদটি সুইডেনের চতুর্থ বৃহত্তম শহর উপসালায় অবস্থিত, যা রাজধানী স্টোকহোম থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে, মাত্র ৫০ মিনিটের ড্রাইভ দূরত্বে। উপসালা একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় শহর, যেখানে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে একটি পূর্ণাঙ্গ মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ সেখানে সময়ের দাবিতে পরিণত হয়েছে। লোকাল গভর্নমেন্ট অথরিটির সাথে কঠোর শর্তের কারণে আগামী স্পেটেম্বরের মধ্যে সকল কনস্ট্রাশন এবং আর্কিটেকচারাল সম্পর্কিত কাজ সম্পন্ন না করলে, মসজিদটি তারা পুরোপুরি ভেঙে ফেলতে পারে। এই পুরো কাজ সম্পন্ন করতে আমাদের এই মুহূর্তে ১ মিলিয়ন প্রয়োজন।
উপসালায় বসবাসরত প্রায় ৪০,০০০ মুসলমানের জন্য এই মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার। এখানে শিশু ও তরুণদের জন্য ধর্মীয় শিক্ষা, ইন্টারফেইথ ডায়ালগ, কাউন্সেলিং, কমিউনিটি ডেভেলপমেন্টসহ নিত্যদিনের নানা সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হবে। এই মহৎ উদ্যোগে অংশ নিতে করদে হাসানাহ কিংবা সাধারণ দানের মাধ্যমে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, লাইভ টিভি আপিল ও ফান্ডরেইজিং ডিনারে অংশগ্রহণ করেও এই মহৎ কাজকে সফল করতে সহযোগিতা কামনা করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য হারুন মিয়া ০৭৯৩৯৪৭৯২৭৪ নাম্বারে যোগাযোগের জন্য আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, বহু বছরের আইনি লড়াইয়ের পর সুইডেনের সুপ্রিম কোর্ট মসজিদ নির্মাণের অনুমতি প্রদান করে। যদিও ডানপন্থী চরমপন্থীরা উপসালা শহরে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে বিশ্বব্যাপী মুসলিম সমাজকে স্তব্ধ করে দেয় এবং মসজিদের সামনে এক্সট্রিমিস্টদের প্রতিবাদও সংগঠিত হয়, তবুও মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ থেকে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।

