প্রস্তাবিত ইমিগ্রেশন হোয়াইট পেপার ব্যক্তি ও পরিবারের অধিকার ক্ষুণ্ন করতে পারে : এসবিবিএস আয়োজিত সেমিনারে অভিমত
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৫
যুক্তরাজ্য হোম অফিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত ইমিগ্রেশন হোয়াইট পেপার ২০২৫ প্রস্তাব অনুযায়ী আইন প্রণয়ন হলে অভিবাসী কমিউনিটি, বিশেষায়িত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সামগ্রিক ব্যবস্থাপনা হুমকির মুখে পড়তে পারে। ক্ষুণ্ন হতে পারে পরিবার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং প্রতিষ্ঠিত মানবাধিকার। স্বাধীন বিচারব্যবস্থা ও বিচারকরাও চাপে পড়তে পারেন- এমনটাই মত বক্তাদের।
গত ২৪ জুন ২০২৫ পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস) আয়োজিত এক বিশেষায়িত সেমিনারে বক্তারা এসব অভিমত তুলে ধরেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী, কিংস কাউন্সিল ব্যারিস্টার মানজিৎ গিল। সংগঠনটির সভাপতি এবং দ্য ল সোসাইটি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস-এর কাউন্সিল মেম্বার সলিসিটার মুহাম্মদ নুরুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন জাজ বেলায়েত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ল সোসাইটি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস-এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ব্রেট ডিক্সন।

সলিসিটার মুনসাত হাবিবের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ব্যারিস্টার মাসুদ চৌধুরী, শাহ মেজবাউর রহমান, সলিসিটার আব্দুল হালিম, ফজলে এলাহী, সুহেল আহমেদ, ফেরদৌসী কবির প্রমুখ।
সেমিনারে আলোচিত হয়— হোয়াইট পেপারের বিভিন্ন দিক, আইনজীবীদের ও সম্প্রদায়ের ওপর এর সম্ভাব্য প্রভাব, এবং আইনগত সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার। আইনজীবীদের উৎস যাচাই ও বর্তমান আইনের ওপর নির্ভরতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে ২০১৩ ও ২০২২ সালের বিধিবদ্ধ দলিলভিত্তিক বিভিন্ন ব্যাখ্যার উদাহরণ তুলে ধরা হয়, যেখানে এআই-উৎপাদিত তথ্যের সময়োপযোগিতা ও নির্ভুলতা যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
মি. ডিক্সন এআই-কে আইনজীবীদের জন্য পরিপূরক গবেষণা হাতিয়ার হিসেবে দেখার পরামর্শ দেন। তিনি গুগলের নোটবুক এলএমপ্ল্যাটফর্মের সম্ভাবনার কথা তুলে ধরেন, যা যাচাইকৃত উৎসসহ প্রাসঙ্গিক নোট সরবরাহ করে- আইন পেশায় এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা।
প্যানেল বক্তারা একমত হন যে, এআই-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো প্রযুক্তির অন্তর্নিহিত ত্রুটির কারণে নয়; বরং সেগুলো ব্যবহারকারীর সম্পৃক্ততা এবং সিস্টেম ইন্টিগ্রেশনজনিত দুর্বলতা থেকে সৃষ্টি হয়।
সেমিনারে আইনজীবীদের উদ্দেশে পরামর্শ দেওয়া হয়— এআই ব্যবহারে সতর্ক ও নৈতিক কাঠামোবদ্ধ থাকা প্রয়োজন, যাতে এটি গবেষণা সহকারী হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এই সেমিনারটি আইনি পেশা ও উদীয়মান প্রযুক্তির মধ্যে একটি তথ্যবহুল সংলাপ গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়, যা উদ্ভাবন, স্বচ্ছতা, এবং পেশাদার সততার প্রতি ল সোসাইটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

