কাউন্সিল অব মস্কের উদ্যোগে পূর্ব লন্ডনে স্বাস্থ্য মেলা : স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিলেন ৫ শতাধিক মানুষ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় এবং কাউন্সিল অব মস্ক-এর আয়োজনে একটি দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের মেইন হলে আয়োজিত এই মেলায় ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেসার, প্রোস্টেট সচেতনতা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়।
মেলায় টাওয়ার হ্যামলেট এলাকার বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক সেবাদানকারী সংস্থার প্রায় ১২টি স্টল অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে প্রায় ৫ শতাধিক মানুষ সরাসরি পরামর্শ ও সেবা গ্রহণ করেন।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান মাওলানা শামসুল হক, ট্রেজারার সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং সাবেক কাউন্সিলর আনসার মুস্তাকিম।
অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর আব্দুল মন্নান নজরুল, সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী এবং এনএইচএস-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
স্বাস্থ্য মেলায় বাওয়েল ও প্রোস্টেট স্ক্রিনিং, ধূমপান ত্যাগের পরামর্শ, ব্লাড প্রেসার পরীক্ষা, স্বাস্থ্যসম্মত খাবার সম্পর্কে দিকনির্দেশনা, ওজন নিয়ন্ত্রণ, ব্যায়ামের গুরুত্ব, মানসিক স্বাস্থ্য এবং সরকারপ্রদত্ত বিভিন্ন বেনিফিট সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি


