লিডসে বাংলাদেশী কমিউনিটির আয়োজনে মহান বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪
ব্রিটেনের সাবেক শ্যাডো জাস্টিস সেক্রেটারি রিচার্ড বার্গন এমপি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে তা সমাধানযোগ্য। কিন্তু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদী এবং রাজনৈতিক অস্থিরতার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তিনি এই জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণের ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সাথে বাংলাদেশের দাবীর সমর্থনে বিশ্বসম্প্রদায়কেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার দলের প্রভাবশালী এই এমপি নর্থ ইংল্যান্ডের প্রধান শহর লিডসের বাংলাদেশী কমিউনিটি আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লিডস বাংলাদেশী কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান হাজী ওয়াইস মিয়ার সভাপতিত্ত্বে এবং বোর্ড অফ ডাইরেক্টরস জাহেদ আলী ও বদর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানটি স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। গত একুশে ডিসেম্বর শনিবারের অনুষ্ঠানে ছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোিগিতা, দেশের গান এবং কবিতা।

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন আবুল আবেদিন। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল হান্নান, মতিন আলী, আসগর আলী, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স এসোসিয়েশন (নেবট্রা) সভাপতি এমজি কিবরিয়া, কমিউনিটি নেতা সৈয়দ সালেহ আহমেদ, আফজাল হোসেন, হাজি শরীয়ত উল্লাহ, মল্লিক দবীর মিয়া, সৈয়দ কবির আহমেদ, আনোয়ার গণি, শাহ আবু বকর প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সৈয়দ শাহনূর আহমেদ, সাব্বির আলম কোরেশী, আনোয়ার রেজা প্রমুখ। বাংলাদেশ সম্পর্কে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার তুলে দেন সেন্টারের পরিচালকবৃন্দ।
সমাবেশের বক্তারা নতুন বাংলাদেশ গঠনে প্রবাসে থেকেও যথাসম্ভব ইতিবাচক ভূমিকা রাখতে সবার প্রতি আহবান জানান। নেবট্রা সভাপতি এমজি কিবরিয়া বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইটবার্তার তীব্র নিন্দা জানান এবং টুইটারে গিয়ে এর সমূচিত জবাব দেওয়ারও আহবান জানান।
অনুষ্ঠানের শেষে গান পরিবেশন করেন তৌফিক আহমেদসহ স্থানীয় শিল্পীরা। এরপর লিডস বাংলাদেশী সেন্টারের আয়োজনে এক বিরাট মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন সকল অতিথি ও প্রবাসী বাংলাদেশীরা। সংবাদ বিজ্ঞপ্তি

