চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীকে হত্যার ঘটনায় হেফাজতে ইসলাম ইউকের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে ইসকন দ্বারা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকের নেতৃবৃন্দ। একই সাথে তারা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দেশে সাম্প্রদায়িক উষ্কানি ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত। দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদাত্ত আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান এবং মহাসচিব মাওলানা গোলাম কিবরিয়া বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উসকানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’
বিবৃতিতে তারা আরও বলেন, ‘ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাইবোনদের প্রতি আমরা আহ্বান করছি। আর যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে।’
নেতৃবৃন্দ তাদের এই যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসকনের সাম্প্রদায়িক উস্কানি ও সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখে দিতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে সন্ত্রাসীদের সংগঠন ইসকন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ইসকন বাংলাদেশকে বির্শ্বের দরবারে উগ্রবাদী দেশ হিসেবে প্রচারের অংশ হিসেবে বহুমুখী ষড়যন্ত্র বাস্তবায়নের মিশন নিয়ে মাঠে নেমেছে। কথিত সন্ত্রাসী ইসকনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। ৯০% মুসলমানের দেশে ইসকনের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।’ সংবাদ বিজ্ঞপ্তি

