গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর আনোয়ার হোসেন মঞ্জুর জামিন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪
দেশ ডেস্ক:: সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হলে সেখানে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। তার শারীরিক অসুস্থ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে একজন ইন্সপেক্টরের (ওসি) জিম্মায় জামিন দেওয়া হয়।
গ্রেপ্তারের পর ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া জানান, সোমবার বিকালে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা আনোয়ার হোসেন মঞ্জু একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। পানি সম্পদ মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় এবং পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে পরাজিত হন। এর আগে তিনি এই আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। মঞ্জু দৈনিক ইত্তেফাক পত্রিকার মালিক। তিনি ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরে গঠিত ৭৬ সদস্যবিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৯৬-২০০১ সময়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেন। সেই সময় তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। ইতোমধ্যে তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন।

