ছাত্র-জনতা চেয়েছে বলেই পরিবর্তন হয়েছে : মতিউর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪
আশফাক জুনেদ, লন্ডন :: দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ছাত্র-জনতা পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্তন হয়েছে। অনেক রক্ত ঝরেছে, অনেক মায়ের কুল খালি হয়েছে বলে পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তন করাটা যতটা সহজ, তা ধরে রাখাটা অনেক কঠিন।
তিনি গত মঙ্গলবার (২৭ আগস্ট) বার্মিংহামে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস এই মতবিনিময় সভার আয়োজন করে।
তিনি আরও বলেন, দেশটা আমাদের সবার। এই দেশটাকে আমরা যেভাবে সাজাতে চাই সেভাবেই সাজবে। এই মুহুর্তে নতুন সরকারকে আমরা যদি সহযোগিতা না করি প্রফেসর ইউনুসের হাতে এমন কোনো জাদু নেই যে কাল সকালেই তিনি পরিবর্তন করে দিবেন।
দীর্ঘ বক্তব্যে মতিউর রহমান চৌধুরী প্রবাসীদের সচেতন নাগরিক উল্লেখ করে বলেন, কোনো কারণে ড. ইউনুস যদি ফেইল করে তাহলে কি হবে। দেশটা যাবে কোথায়। প্রবাসীরা যে দলই করেন না কেন দেশটাকে রক্ষা করতে হবে। এটা কঠিন দায়িত্ব। এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তাই সবাই মিলে নতুন সরকারকে সহযোগিতা করতে হবে।

স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মারুফ। সভা পরিচালনা করেন সংগঠনের অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী মোহাম্মদ আতিকুর।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কমরেড মসুদ আহমেদ, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ফয়েজ উদ্দিন এমবিই, ড. আব্দুল খালিক, নাসির উদ্দিন হেলাল, মুফতি তাজুল ইসলাম, এনামুল হাসান ছাবির, আব্দুল মুককিত আজাদ, ফারুক চৌধুরী, কামরুল হাাসন চুনু, এমজি মৌলা মিয়া, তাফাজ্জাল হোসেনে চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিবিসি এশিয়ান নেটওয়ার্কের মাহবুব হোসেন, কায়সারুল ইসলাম সুমন, ফারছু চৌধুরী, ওবায়দুল কবির খোকন, বদরুল আলম, নুরুল হক শিপু, এনামুল হক, আশফাক জুনেদ ও বাহার উদ্দিন প্রমুখ।

