সাংবাদিক এটিএম তুরাবকে হত্যার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৪
সিলেটের তরুণ সাংবাদিক ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টোর এটিএম তুরাবকে পুলিশ কর্তৃক গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছে। গত ২৩ জুলাই মঙ্গলবার বিকাল ৭টায় উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. এম এ আজিজ, সাংবাদিক সাঈদ চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিস্টার আব্দুস শহীদ ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাংবাদিক এনাম চৌধুরী, হাজী মোহাম্মদ হাবিব, জামান আহমদ সিদ্দিকী, অধ্যাপক আব্দুল হাই, কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা আব্দুল কুদ্দুছ, মুফতি সালেহ আহমদ, আনোয়ার হোসেন, সাংবাদিক জয়নাল আবেদীন, হাজী ফারুক মিয়া, মোহাম্মদ শফিক খান, আলহাজ্ব নুর বক্স, এম এ লতিফ, এডভোকেট আমিরুল ইসলাম নাজমুল প্রমুখ।
সভায় বক্তারা সিলেট শহরে দায়িত্ব পালনরত অবস্থায় জাতীয়ভাবে স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক এটিএম তুরাবকে পুলিশ কর্তৃক নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যার তীব্র্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, যে সাংবাদিক তুরাবের মরদেহে ৭৮ টি বুলেটের চিহ্ন পাওয়া গেছে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী পুলিশ কর্মকর্তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানানো হয়। তারা বলেন, সাংবাদিক তুরাবের পিতা মরহুম আব্দুর রহিম ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। সাংবাদিক তুরাব মাত্র দুইমাস আগে বিয়ে করেন। একজন দক্ষ সাংবাদিককে কেন নিষ্ঠুরভাবে হত্যা করা হলো তার জরুরী তদন্তের মাধ্যমে হত্যাকারীর শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিক পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান তারা।
সভায় কোটাবিরোধী আন্দোলনের সময় আরো যত সাংবাদিক ও ছাত্র পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় সাংবাদিক তুরাবসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইক্বরা বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সালেহ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি

