ই-বাইক অগ্নিকান্ড মোকাবেলায় সরকারের পদক্ষেপের আহ্বান টাওয়ার হ্যামলেটসের
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩
ই-বাইক এবং ই-স্কুটারগুলির কারণে সৃষ্ট ক্রমবর্ধমান অগ্নিকাণ্ডে উদ্বেগ জানিয়ে এই দুর্ঘটনা মোকাবেলায় সরকারকে আরও কিছু করার আহ্বান জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
হোম সেক্রেটারী সুয়েলা ব্র্যাভারম্যানের কাছে লেখা একটি চিঠিতে কাউন্সিল বলেছে যে, ই-বাইক এবং ই-স্কুটার গুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তার ফলে তাদের ব্যাটারির কারণে অগ্নিকাণ্ডের ঘটনার হার ‘নাটকীয়ভাবে বৃদ্ধি’ পেয়েছে এবং বাসিন্দাদের সুরক্ষার জন্য এ ব্যাপারে আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।
আইন—কানুনগুলোকে আরো যুগোপযোগী করা, নিরাপদ চার্জিং স্পেস তৈরির লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষের জন্য পর্যাপ্ত তহবিলের ব্যবস্থা করা, লিথিয়াম ব্যাটারি আমদানির বিষয়ে আরও শক্তিশালী নমুনা এবং পরীক্ষা, এগুলোর সরবরাহকারী ব্যবসার জন্য একটি জাতীয় নিবন্ধন সংস্থা গড়ে তোলা এবং এই সমস্যাটি নিয়ে বিস্তৃত গবেষণার জন্য বলা হয়েছে কাউন্সিলের চিঠিতে।
লন্ডন ফায়ার ব্রিগেডের মতে, টাওয়ার হ্যামলেটসে প্রতি মাসে গড়ে একটি ই-বাইক বা ই-স্কুটারে আগুন লাগে। দুঃখজনকভাবে, গত মার্চ মাসে ঘটে যাওয়া একটি অগ্নিকাণ্ডের ফলে ৪১ বছর বয়সী ব্যক্তি তার জীবন হারায়। এই মৃত্যুর ঘটনার পর করোনার এর পক্ষ থেকে অফিস ফর প্রোডাক্ট স্ট্যান্ডার্ডস অ্যান্ড সেফটি (ওপিএসএস) – কে অধিকতর নিরাপত্তা মান প্রবর্তনের জন্য বলা হয়।
সম্প্রতি, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল স্থানীয় দোকানগুলোতে আমদানি করা এবং অনিরাপদ ৭৭টি লিথিয়াম ব্যাটারি খুঁজে পেয়েছে এবং অপসারণ করেছে।
লন্ডন ফায়ার ব্রিগেড এর সহযোগিতায় টাওয়ার হ্যামলেটস হ্যাশট্যাগ চার্জসেইফ টাওয়ার হ্যামলেটস শিরোনামে স্থানীয়ভাবে একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।
টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন, আমরা আমাদের এই বারার রাস্তায় যত বেশি ই—বাইক এবং ই—স্কুটার দেখছি, সেগুলোর ব্যাটারির কারণে আরও বেশি করে অগ্নিকান্ডের ঘটনা দেখতে পাচ্ছি — যা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। টাওয়ার হ্যামলেটসের ৮০ শতাংশ বাড়িই হচ্ছে ফ্ল্যাট। তাই এটি একটি বিশেষ উদ্বেগের কারণ যে দ্রুত গতিতে আগুন ঘরে ঘরে ছড়িয়ে পড়তে পারে। এই সমস্যা মোকাবেলায় কিছু না করা কোন সহজ বিকল্প হতে পারেনা। আমরা স্থানীয়ভাবে লোকজনকে বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য পদক্ষেপ নিয়েছি। কিন্তু এই অগ্নিকাণ্ড প্রতিরোধে এবং মানুষকে নিরাপদ রাখতে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার।
লন্ডন ফায়ার ব্রিগেড গত বছরের তুলনায় ই—বাইক এবং ই—স্কুটার সম্পর্কিত অগ্নিকাণ্ডে ৬০% বৃদ্ধির রিপোর্ট করেছে এবং জানুয়ারি এবং জুলাই ২০২৩ এর মধ্যে, তারা শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসে ই-বাইক এবং ই-স্কুটার অগ্নিকাণ্ডের রিপোর্টকৃত ১৩টি ঘটনায় অংশগ্রহণ করেছে।
আরও তথ্য দেখায় যে, এই অগ্নিকান্ডের ফলে আহতদের প্রায় এক তৃতীয়াংশেরই বয়স বিশের কোঠায়, এবং প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এমন বাড়িতে যেখানে একাধিক প্রাপ্তবয়স্ক মানুষ শিশু ছাড়া একসঙ্গে বসবাস করছেন।
লন্ডন ফায়ার ব্রিগেডের টাওয়ার হ্যামলেটস বরো কমান্ডার রিচার্ড ট্যাপ বলেছেন, এটি অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক যে আমরা ই—বাইক এবং ই-স্কুটার গুলোর সাথে জড়িত ঘটনাগুলির বৃদ্ধি দেখতে পাচ্ছি। যখন এই ব্যাটারি এবং চার্জার গুলি ত্রুটি দেখা দেয়, তখন এগুলোর আচরণ ভয়াবহ হয় এবং এর কারণে সৃষ্ট আগুন এত দ্রুত বিকাশ লাভ করে যে পরিস্থিতি দ্রুত অবিশ্বাস্যভাবে গুরুতর হয়ে উঠতে পারে।
তিনি বলেন, আমরা প্রধানত আগুন দেখতে পাচ্ছি যেখানে অনলাইন মার্কেটপ্লেস থেকে ব্যাটারি কেনা হয়েছে এবং যখন এগুলি ইন্টারনেটে পাওয়া গেছে, যা সঠিক নিরাপত্তা মান পূরণ করতে পারে না। আমাদের পরামর্শ হল এই আইটেমগুলিকে সম্ভব হলে নিরাপদ স্থানে সংরক্ষণ করা এবং চার্জ করা, যেমন একটি শেড বা গ্যারেজে, এবং যদি ব্যাটারিগুলো ঘরের ভিতরে সংরক্ষণ করতে হয়, নিশ্চিত করুন যে সেখানে ধোঁয়া শনাক্তকারী এলার্ম লাগানো আছে এবং জরুরি মূহুর্তে আপনার পালানোর উপায় বাধাগ্রস্ত না হয়। যাইহোক, আমরা জানি যে এটি সবার জন্য সম্ভব হবে না, তাই আপনি যদি এগুলো ঘরের ভিতরে চার্জ করেন, অনুগ্রহ করে এটা নিশ্চিত করুন যে আগুন লাগলে আপনার বাড়ির সবাই জানেন কি করতে হবে।
তিনি বলেন, যদি আপনি বাড়িতে আগুন দেখতে পান তবে নিজে আগুন নেভাবেন না, দরজা বন্ধ করুন, ঘর ছেড়ে অবিলম্বে বেরিয়ে আসুন এবং ৯৯৯ নম্বরে কল করুন।
চিঠিটি ডিপার্টমেন্ট ফর বিজনেস এন্ড ট্রেড এ পাঠানোর পর মিনিস্টার ফর এন্টারপ্রাইজ, মার্কেটস এন্ড স্মল বিজনেস, কেভিন হলিনরাকের কাছ থেকে একটি প্রতিক্রিয়া পেয়েছে কাউন্সিল।
মন্ত্রী টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে বলেছেন, যুক্তরাজ্যের ভোক্তাদের সুরক্ষা ‘সরকারের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার’ এবং ওপিএসএস ‘পণ্যগুলোর ব্যর্থতার কারণগুলি এবং এর ফলে উপস্থাপিত ঝুঁকিগুলি আরও ভালভাবে বোঝার জন্য সুরক্ষা পর্যালোচনা করা হচ্ছে’। সংবাদ বিজ্ঞপ্তি

