বিমানবন্দর থেকে স্বর্ণ চুরি: আটজন গ্রেপ্তার, ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩
দেশ ডেস্ক:: ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা সবাই কাস্টমের কর্মকর্তা ও সিপাহী। এর আগে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের হেফাজত থেকে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- সহকারী রাজস্ব কর্মকর্তারা হলেন- মো: শহিদুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো: মাসুম রানা (৩৩) ও সিপাহীরা হলেন- মো: মোজাম্মেল হক (৩৫), মো: নিয়ামত হাওলাদার (২৭), মো: রেজাউল করিম (৩৬), মো: আফজাল হোসেন (২৯)।
ডিবি প্রধান হারুন বলেন, বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের হওয়া মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ তদন্ত করছে।
মামলার তদন্তের জন্য আমরা আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড পেলে আমরা তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আমরা তাদের রিমান্ডে এনে আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা করবো।
পরবর্তী ব্যবস্থা কি হবে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি।
আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা জানার চেষ্টা করবো তাদের সঙ্গে আরও কারা জড়িত আছে। তারা স্বর্ণগুলো কোথায় সরিয়েছে জানার চেষ্টা করবো।

