গণপদযাত্রা সফল করতে বার্মিংহামে বিএনপির লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩
ওবায়দুল কবীর খোকন, বার্মিংহাম:: বার্মিংহামের বিভিন্নস্থানে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেছে যুক্তরাজ্য বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং গণতন্ত্র-মানবাধীকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৯ আগষ্ট লন্ডনের ঐতিহাসিক হাইড পার্কে ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে যোগ দিয়ে গণপদযাত্রা সফল করতে এই লিফলেট বিতরণ করা হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, গুম-খুন, অত্যাচার-নির্যাতন করে সারা বাংলাদেশকে বর্তমান অনির্বাচিত সরকার একটি টর্চার সেল হিসেবে গড়ে তুলেছে এবং নির্বাচনের নামে তারা জনগণের সাথে তামাশা করে যাচ্ছে ।
তিনি বর্তমান সরকারকে নিশি রাতের সরকার আখ্যায়িত করে বলেন, জনবিচ্ছিন্ন এই অনির্বাচিত সরকার বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সারা বাংলাদেশকে একটি অলিখিত কারাগার হিসেবে রুপান্তর করে তুলেছে। তিনি এই সরকারকে সসম্মানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা ও সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদারের তত্ত্বাবধানে আয়োজিত রোড শোতে বার্মিংহামের বিভিন্নস্থান থেকে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজি আঙ্গুর মিয়া, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া, বার্মিংহাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, গোলজার আহমেদ ফয়সল, আব্দুল কবির, ফয়সর আহমেদ, রফিকুর রহমান রফু, মজনু মিয়া, আব্দুল কাইয়ূম প্রমুখ।

