দফা এক দাবি এক, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ : তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে মাফিয়া সরকারকে প্রতিহত করতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করা যাবেনা। দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং ১২ কোটি ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এই মুহূর্তে, দফা এক দাবি এক ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে হবে।
গত ১২ আগস্ট শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান সাবেক সচিব বিজন কান্তি সরকার। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ অনেকে।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগনই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস্য। জনগণ ফ্যাসিস্ট হাসিনার মাফিয়া সরকারের পরিবর্তন চায়। তবে তীব্র গণ আন্দোলন ছাড়া মাফিয়া সরকারের কবল থেকে মুক্তি সম্ভব নয়। ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে গণতন্ত্রকামি জনগণ জেগে উঠেছে। তাই আসুন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
তারেক রহমান বলেন, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান,নৃতাত্তি্বক জনগোষ্ঠী কিংবা বিশ্বাসী-অবিশ্বাসী-সংশয়বাদী প্রতিটি মানুষ নিজ নিজ বিশ্বাস এবং সংস্কৃতি লালন করে যেদিন এই বাংলাদেশে নিরাপদে নিশ্চিন্তে সম-অধিকার সম-মর্যাদা নিয়ে, সগৌরবে বসবাস করার মতো পরিস্থিতি হবে সেদিনই সত্যিকার অর্থে সবার সফলতা আসবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন একটি আকাঙ্খা নিয়েই লাখো প্রাণের বিনিমিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল, সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধের চেতনা শুধুমাত্র একটি শ্লোগান নয় এটি একটি দর্শন। মুক্তিযুদ্ধের সেই দর্শনের আলোকে, একটি ‘মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছিলো। সংবাদ বিজ্ঞপ্তি

