সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী মনির হোসাইন
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোহাম্মদ মনির হোসাইন।
এ লক্ষ্যে তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তিনি নৌকার মাঝি হয়ে দক্ষিণ সুরমার প্রতিটি গ্রামে শেখ হাসিনা সরকারের উন্নয়ন পৌঁছে দিতে চান।
গত ১৬ আগস্ট বুধবার দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন মনির হোসাইন।
সিলেট মহানগরের একটি রেস্টুরেন্টে বুধবার দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শুরুতে মনির হোসাইন গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ হওয়া তাঁঁর পরিবারের সদস্যদের স্মরণ করেন। পাশাপাশি স্মরণ করেন তিনি সিলেট-৩ আসনের দুইবারের নির্বাচিত এমপি মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসকেও।
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের সন্তান মনির হোসাইন তাঁর বক্তব্যে বলেন, দেশের শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য একসময় বিলেতে পাড়ি জমালেও আমার মন পড়েছিলো জন্মমাটিতে। তাই প্রবাসের কঠিন ও ব্যস্ততম সময়ের ফাঁক গলে দেশের মানুষের সেবা করার তাড়না প্রতিনিয়ত তাড়া করতো আমাকে। যে কারণে বিদেশে থেকেও নিয়মিতই আমার নিজ উপজেলা দক্ষিণ সুরমার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি নানাভাবে।
তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই আমি সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলাম। ছিলাম বঙ্গবন্ধুর আদর্শ ও হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতি এবং ছাত্রউন্নয়নমূলক কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত। ছত্রত্বকালে সিলেটে আইয়ুববিরোধী আন্দোলনে অগ্রণী ভ‚মিকা পালন করেছি। ১৯৭৭-৭৮ সালে সিলেট মদন মোহন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে কলেজের মসজিদ নির্মাণে অবদান রেখেছি। ১৯৮১ সালে সিলেট ল’ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে কলেজের স্থায়ী নিজস্ব ভূমির জন্য লিখিত দাবি পেশ করলে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।’
মনির হোসাইন বলেন, বিদেশে অবস্থান করেও দেশের জন্য, আমার জন্মভ‚মি সিলেটের উন্নয়নের জন্য নানা প্রেক্ষাপট ও প্লাটফর্মে অবিরাম কাজ করে গিয়েছি। এক পর্যায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হই।
পরবর্তীতে আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী কর্তৃক ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করলে এই কমিটির সদস্য করা হয় আমাকে। বর্তমানে আমি সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।
আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী দাবী করে মনির হোসাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাজ্য ও সিলেটে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের বেশ কয়েকটি শিক্ষাক্ষেত্র ও সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে মানবসেবায় নিয়োজিত রয়েছি। এছাড়া দক্ষিণ সুরমার আর্থসামাজিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছি। বিশেষ করে দক্ষিণ সুমরার দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা- অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রি চক্ষু শিবির, গৃহনির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছি।
এসব রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বিবেচনায় মনির হোসাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মনির হোসাইন। এ বিষয়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি এবং দক্ষিণ সুরমার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

