বিএনপি নেতা মিয়া মনিরুল আলমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩
যুক্তরাজ্য বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপদেষ্টা, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) ইউকের সাবেক প্রেসিডেন্ট, বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মিয়া মনিরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আলহাজ্ব মিয়া মনিরুল আলম এর মৃত্যুতে তার পরিবারবর্গও নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে মিয়া মনিরুল আলম যুক্তরাজ্য ও মৌলভীবাজার জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও দলের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তি। দলের জন্য তার অবদানের কারণে তিনি নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

