সিলেটে সমাবেশের অনুমতির অপেক্ষায় খেলাফত মজলিস
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩
দেশ ডেস্ক:: বিভাগীয় সমাবেশ নিয়ে সিলেট পুলিশের অনুমতির অপেক্ষায় খেলাফত মজলিস। গতকাল বিকাল পর্যন্ত তারা সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি পায়নি। তবে অনুমতি পাওয়ার আশা করছেন নেতারা। গতকাল সিলেটে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আমাদের প্রতিনিধিদল সিলেট পুলিশের সঙ্গে দেখা করেছেন। মৌখিক সায় মিলেছে। কিন্তু এখনো চূড়ান্ত অনুমতি মেলেনি।
আগামী ২২শে জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে দলটি। এদিকে- ১৫ই জুলাই সমাবেশের অনুমতি না পেয়ে ২১শে জুলাই ফের সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এখনো জামায়াত নেতারা প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ করার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল পায়নি। তবে- খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন- আগের দিন অনুমতি পেলেও তারা সমাবেশ করতে পারবেন। সেই প্রস্তুতি তাদের রয়েছে।
শান্তিপূর্ণ ভাবে তারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করছেন। সিলেটে এর ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন নেতারা। গতকাল প্রেস ব্রিফিংয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, সন্ত্রাসবাদ-সহিংসতা বাংলাদেশের রাজনীতির সাধারণ চিত্রে পরিণত হয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক দলীয়করণ এবং ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম জনগণকে প্রতিনিয়ত করতে হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন এবং জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে আজ সোনার হরিণের মতো।
খেলাফত মজলিস মনে করে, সংলাপ সমঝোতার মাধ্যমে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি একটি সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন- দেশের চলমান আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এসব দাবিতে আগামী শনিবার বেলা ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজনুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, ইসলামী যুব মজলিসের আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুখলিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ ও মহানগর যুব মজলিসের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।

