লন্ডনে আল্লামা দুবাগী ছাহেব (রহ.)’র ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল, হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই সোমবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর বড় ছেলে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী ছাহেব (রহ:) এর মুরীদীন, মুহিব্বীন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শুরু হয় মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কোরআন ও দোয়ার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। দুবাগী ছাহেবের শানে গজল উপস্থাপন করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

বক্তারা বলেন, বিলাতে অন্যতম ইসলাম প্রচারক ওলীয়ে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী রাহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান চিন্তাবিদ, মুবাল্লিগ, বিদগ্ধ লেখক, নন্দিত বক্তা ও উঁচু স্তরের বুজুর্গ আলেমে দ্বীন। তিনি ইলমি অঙ্গনের সকল বিষয়ে প্রাজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন। যে কারণে তিনি বাহরুল উলূম তথা ইলমের সমুদ্র হিসেবেও খ্যাতি পান। হযরত আল্লামা দুবাগী রাহমতুল্লাহ আলাইহি একজন জ্ঞানসাধক ও বিদ্যাসাগর, বরেণ্যে লেখক ছিলেন। তাঁর গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী বিশ্বজুড়ে বহুল প্রসিদ্ব। বাংলাদেশে অবস্থানকালে একজন প্রথম শ্রেণীর মুহাদ্দিস হিসেবে ইলমে দ্বীনের খেদমত করেছেন। তিনি বহু সৃজনশীল মনীষী, তীক্ষ্ণ মেধাবী ও প্রজ্ঞাবান আলেম তৈরি করতে সক্ষম হয়েছেন। ১৯৭৮ সাল থেকে তিনি একাধারে দীর্ঘ ৪২ বৎসর বিলাতে ইসলাম প্রচার ও প্রসারের কাজে আমৃত্যু নিরলসভাবে ব্যস্ত ছিলেন। তিনি লেস্টারের ছাহেব হিসেবে প্রসিদ্ধ ছিলেন। আল্লামা দুবাগী ছাহেব রাহমতুল্লাহ আলাইহি ১৯৮০ সালে লেস্টার শহরে ইউকে আঞ্জুমানে আল ইসলাহ প্রতিষ্ঠা করেন। তাঁর মেধা ও মননের বহুমাত্রিকতাকে কাজে লাগিয়ে তিনি প্রাচ্যে ও পাশ্চাত্যে ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন পুরো জীবন। বাংলাদেশের সীমানা পেরিয়ে তিনি আরববিশ্বসহ বহির্বিশ্বে সুনাম খ্যাতি অর্জন করেছেন।
গণমানুষের ঈমান-আক্বিদা সুরক্ষায় আল্লামা দুবাগী ছাহেব রাহমতুল্লাহ আলাইহি বহু মসজিদ, মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠা করেন। একদিকে যেমন ছিলেন যুগশ্রেষ্ঠ খ্যাতিমান আলিম, তেমনি তিনি তাকওয়া ও ইখলাসে পূর্ণ একজন মহান ব্যক্তি। তিনি প্রায় সব সময়ই ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। নফল নামাজ, রোজা, কোরআন শরীফ তেলাওয়াত, ওজীফা পাঠ, মোরাকাবা-মোশাহাদা নিয়মিত করতেন। তিনি ঘরে থাকেন কিংবা সফরে, তাহাজ্জুদ ছুটত না। আল্লামা দুবাগী ছাহেব রাহমতুল্লাহ আলাইহি এর চেহেরার মধ্যে এমন একটা উজ্বলতা ছিল যে, তাঁর দিকে তাকালে স্বভাবতই মনের মধ্যে একটা শ্রদ্ধা জাগ্রত হত এবং মহান আল্লাহ্ পাকের কথা স্বরণে আসত। সমাজের অসহায়-দুঃস্থ মানুষের সেবায় তাঁর রয়েছে বহুবিধ খিদমত।
হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডন এর ডাইরেক্টর আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, টাওয়ার হ্যামলেটস্ এর স্পিকার কাউন্সিলর জাহেদ আহমেদ চৌধুরী, ইউকে আঞ্জুমানে আল-ইসলাহর সাবেক সভাপতি আল্লামা আব্দুল জলিল, মুহিউল ইসলাম মসজিদের খতীব আল্লামা শের আহমদ বারকাটি, ফাইজানে ইসলাম মসজিদের খতীব আল্লামা সানাউল্লাহ ছেটি, লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী, মুফতি সৈয়দ মাহমুদ আলী, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল (অবঃ) মুফতি ইলিয়াস হোসেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং ইউরোপ ও আমেরিকা জোন পরিচালক, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইকরা টিভি লন্ডনের আলোচক মুফতি আব্দুল মুন্তাকিম, লন্ডন বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, লেস্টার দারুস সালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, দুবাগী সাহেবের নাতি মাওলানা মুহিউস-সুন্নাহ চৌধুরী আল-আজহারী, উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন বিশ্ব বিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজের প্রফেসর ডঃ হেলাল আহমদ, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কবির হোসেন, ব্রিকলেন মসজিদের ইমাম হাফিজ মাওলানা মারুফ আহমদ, শেডওয়েল জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম, কিংস ক্রস মসজিদের সাবেক খতিব মুফতি এহসান আহমদ, উলামা পরিষদ বিয়ানীবাজারের সহ-সভাপতি হাফিজ নাজিম উদ্দীন, সৌলসবুরি মুসলিম আসোসিয়েশন সেন্টারের ইমাম হাফিজ মাওলানা জুবের আহমদ, লন্ডন আল-ইসলাহ ডিভিশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, আল-ইসলাহ টাওয়ার হ্যামলেটস্ শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। মীলাদ শরীফ পাঠ করেন দুবাগী ছাহেবের ছোট ছাহেবজাদা মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী।
শেষে দোয়া পরিচালনা করেন দুবাগী ছাহেবের সুযোগ্য বড় ছেলে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

