কার্ডিফে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৩
মসিক মনসুর:: যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওয়েলসের রাজধানী কার্ডিফে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। গত ২৮ জুন বুধবার কার্ডিফের শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে সকাল ৮টায় ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতীব মাওলানা কাজী ফয়জুর রহমান। সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাতের নামাজে ইমামতি করেন হাফিজ মিফতাউর রহমান।
রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির এবং সকাল ১০ টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতের নামাজে ঈমামতি করেন হাফিজ মাওলানা ফারুক আহমদ।
পৃথক খুতবা পূর্ব আলোচনায় ইমামগণ বলেন, ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর। কোরবানিসহ আমাদের সকল ইবাদত-আমল হতে হবে একমাত্র দয়াময় মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য। কোরবানি ঈমানদার মুসলমানকে মহান আল্লাহর নির্দেশ পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের এবং ধর্মীয় বিধি-বিধান, আদেশ-নিষেধের নিকট আত্নসমর্পনের বাস্তব শিক্ষা দেয়। উভয় মসজিদের ইমাম ও খতীবগণ দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

শাহ্ জালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আক্তারুজ্জামান কোরেসী নিপু, সেক্রেটারি এস আই চৌধুরী বাবলু, রিভারসাইড জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি আফজাল খান মিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উভয় মসজিদ প্রতিষ্ঠাকাল থেকে আজ অবধি যারা অর্থ সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

