দাবি আদায়ে রাজপথের আন্দোলন জোরদার করারও আহবান তারেক রহমানের
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩
সন্ত্রাস-দুর্নীতি-পাপাচার-টাকাপাচার-মিথ্যাচারের পরিবর্তে জ্ঞানে-বিজ্ঞানে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিতে দেশের তরুণ সমাজের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাফিয়াদের কবল থেকে দেশ উদ্ধার করে জনগণের কাঙ্খিত বাংলাদেশ গড়ার দাবি আদায়ে রাজপথের আন্দোলন জোরদার করারও আহবান জানিয়েছেন তিনি ।
স্বাধীনতার ঘোষকের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ৪ জুন রোববার স্বাধীনতার ঘোষকের নামে প্রতিষ্ঠিত দেশের আরো ১৫টি জেলা ও মহানগরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, কক্সবাজার, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি, জয়পুরহাট, যশোর, রাজবাড়িতে দলের কার্যালয়ের ভেতরে প্রতিষ্ঠিত এসব পাঠাগারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ১৫টি জেলা থেকে অনলাইনে যুক্ত থাকা নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পৃথিবীর দেশে দেশে জনগণকে ভালোর পথে-আলোর পথে পরিচালিত করতে সাধারণত রাষ্ট্র ও সরকারের ভূমিকাই থাকে মুখ্য। কিন্তু, গত একযুগের বেশি সময় ধরে এমন একটি অপশক্তি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে রয়েছে যারা নিজেরাই গুম, খুন, দুর্নীতি, অন্যায় অবিচার অনাচারে লিপ্ত।
তিনি আরো বলেন, রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রাখা অপশক্তির অনাচারের কারণে দেশে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ,এবং নীতি নৈতিকতার চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। ক্ষমতাসীন অপশক্তি উদ্দেশ্যমূলকভাবে রাষ্ট্র ও সমাজে হিংসা-ঘৃণা-জিঘাংসা-প্রতিহিংসা ছড়িয়ে দিয়েছে। তবে এর পরিনাম কতটা অমানবিক হতে পারে সভায় তারেক রহমান এমন একটি ঘটনার কথা উল্লেখ করেন।
পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুযেল, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তিসহ আরো অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি

