কনজারভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী শাখাওয়াত হোসেন
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন চাঁদপুর কচুয়া উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো। যুক্তরাজ্যের স্থানীয় কাউন্সিল নির্বাচনে হাটফোর্ডশায়ার কাউন্টির ইস্টহাট কাউন্সিলের হাটফোর্ড সীল ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি তাকে ডিস্ট্রিক্ট ও টাউন কাউন্সিলের কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে। গত মার্চে তিনি স্থানীয় কাউন্সিলে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে বৈধ বলে ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে হাটফোর্ডশায়ার হাটফোর্ড টাউন ও ইস্টহাট ডিস্ট্রিক্ট কাউন্সিলে কনজারভেটিভ পার্টি থেকে তিনিই একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী। আগামী ৪ মে অনুষ্ঠিত হবে ব্রিটেনের এই স্থানীয় কাউন্সিল নির্বাচন। নির্বাচনে টিটোকে নিয়ে চলছে আলোচনা।
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে জন্ম নেওয়া অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো ইমিগ্রেশন আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১০ সালে তিনি লন্ডনে পাড়ি দেন।
বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ রেহেনার কন্যা, বর্তমান ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক এক সময় প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার থেকে রোশনারা আলী, আফসানা বেগম, টিউলিপ সিদ্দিক, রুপা হক, স্কটল্যান্ডে ফয়সল চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন।
অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো আশা প্রকাশ করেন যে, তিনি মূলধারার রাজনীতিতেও সফল হবেন।

অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো বলেন, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সবার সেবায় কাজ করতে চান। বিশেষ করে, সমাজের তরুণ ও যুব সমাজের সম্ভাবনা কাজে লাগাতে চান। বাংলাদেশি প্রবাসীদের যুক্তরাজ্যে বিভিন্ন মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ৪ মে স্থানীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে তা হবে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের বিষয়। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, টিটো চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মানের ছেলে। ছাত্রজীবন থেকে টিটো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। বিলেতের বাংলাদেশী আইনজীবী সংগঠন, চাঁদপুর প্রবাসী সংগঠনের সাথে যুক্ত তিনি। টিটো করোনাকালে কমিউনিটির কল্যাণে কি ওয়ার্কার হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গরিব এতিমদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

