১৪ মার্চ থেকে আবারো সম্প্রচার শুরু করছে বেতার বাংলা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩
দেশ ডেস্ক, ৮ মার্চ ২০২৩ : বিলেতে বাংলাভাষীদের কণ্ঠস্বর ‘বেতার বাংলা’ আগামী ১৪ মার্চ থেকে আবারো সম্প্রচার শুরু করবে । এখন থেকে নতুন আঙ্গিকে, নতুন রূপে এনইউ-সাউন্ড রেডিও ৯২ এফএম ব্যান্ডে বেতার বাংলা শোনা যাবে । প্রতিদিন লন্ডন সময় রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত তিনঘণ্টা বেতার বাংলার অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এর আগে কমিউনিটির জনপ্রিয় এই রেডিওর সম্প্রচার স্টেশন বন্ধ ছিল বিভিন্ন কারণে।
গত ৭ মার্চ মঙ্গলবার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী। এময় উপস্থিত ছিলেন ড. আওয়াউল, সাংবাদিক সুজা মাহমুদ, রেডিও উপস্থাপিকা রিনা দাশ, নাট্যাভিনেতা স্বাধীন খসরুসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে নাজিম চৌধুরী বলেন, বেতার হল ওয়্যার বা তারছাড়া যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম । তারবিহীন যেকোনো যোগাযোগের মূলনীতিই হল বেতার। বাংলাদেশের বাইরে বিশ্বে প্রবাসী বাংলাদেশী তথা বাংলা ভাষায় কথা বলা বাঙালি কমিউনিটির জন্য ব্রিটেনে দীর্ঘ বছর অক্লান্ত পরিশ্রমে বেতার বাংলা প্রতিষ্ঠা করা হয়। বেতার বাংলা যুক্তি-তর্ক, বিনোদনের মাধ্যমে মানুষ মানুষে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছে বাধাহীনভাবে। ঐতিহাসিক প্রমাণিত সত্য, গণমাধ্যম তথা পত্র-পত্রিকা, টেলিভিশন, ফোন ক্রমবর্ধমান প্রযুক্তির প্রসারতা লাভ করলেও বেতার এখনো সকলের কাছে সবচেয়ে ফ্রেন্ডলী বা প্রিয় বন্ধু।
নাজিম চৌধুরী আরো বলেন, আমরা সবধরনের বাধা অতিক্রম করে বেতার বাংলা নিয়মিত সম্প্রচার করতে ফিরে এসেছি কমিউনিটির কাছে । বেতার বাংলা আগামী ১৪ মার্চ থেকে সম্প্রচারিত হবে । আমাদের এই চলার পথে আমরা লন্ডন তথা বিশ্বব্যাপী সকল বাংলাদেশী ও বাংলাভাষী সম্প্রদায়ের সহযোগিতা এবং সহযাত্রী হিসেবে কাছে পেতে চাই।

