লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে সপ্তাহব্যাপী বইমেলা : শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সপ্তাহব্যাপী বইমেলা। স্কুলভবনের তৃতীয়তলায় অবস্থিত লাইব্রেরী রুমে গত ২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার শুরু হওয়া এই বইমেলা শেষ হয় ৮ ফেব্রুয়ারি বুধবার। মেলা উপলক্ষে বই পড়তে, বই কিনতে শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
এক সপ্তাহের বইমেলায় ১ হাজার পাউন্ডের বেশি মূল্যের বই বিক্রি হয়েছে। স্কুলের লাইব্রেরীতে ২ হাজারের বেশি নিয়মিত বই রয়েছে। উপরন্তু মেলা উপলক্ষে আরো ৪০০টি বই লাইব্রেরীতে পৃথক সেলফে সাজিয়ে রাখা হয়। বইগুলো ছিলো ৩৫জন সেলিব্রেটি ফুটবল খেলোয়াড়ের আত্মজীবনী। এই বইগুলোর প্রতিই শিক্ষার্থীদের আগ্রহ ছিলো সবচেয়ে বেশি।

প্রধান শিক্ষক আশিদ আলী সাপ্তাহিক দেশকে বলেন, তিনি সবসময়ই তাঁর শিক্ষার্থীদের বই পড়তে উদ্ধুদ্ধ করেন। তিনি বলেন, আমি চাইনা অর্থের অভাবে কোনো ছাত্র বইপড়া থেকে বঞ্চিত হোক। তাই সবসময় আমার নিজের ব্যক্তিগত ব্যয়ে শিক্ষার্থীদের চাহিদা মতো বই কিনে লাইব্রেরিতে রাখি।
স্কুলের লাইব্রেরিয়ান সালমা আক্তার বলেন, বইমেলা উপলক্ষে লাইব্রেরী রুমে শিক্ষার্থীদের পদচারণা ছিলো লক্ষনীয়। প্রতিদিনই তারা লাইব্রেরীতে এসেছে। এখানে বসে তারা তাদের পছন্দের বই ও বইয়ের বিষয়বস্তু নিয়ে কথা বলেছে। বই পড়েছে, বই কিনে নিয়ে গেছে। প্রথম বছর হিসেবে আমরা বেশ সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমাদের মেলা অব্যাহত রাখবো।
তিনি বলেন, বইমেলা শিক্ষার্থীদের বই পড়তে উদ্ধুদ্ধ করার একটি উত্তম মাধ্যম। বইমেলা সফল করতে স্কুলের ক্যারিয়ার এডভাইজার মুহি মিকদাদ বিভিন্নভাবে সহযোগিতা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

