লন্ডনের বিখ্যাত হল এক্সেলে আল-কোরআন কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩
আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির যৌথ উদ্যোগে লন্ডনের বিখ্যাত হল এক্সেলে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের সর্ববৃহৎ আল কোরআন কনফারেন্স। গত ১৫ জানুয়ারি শনিবার বৃটেনের বিভিন্ন শহর থেকে দলে দলে আল কোরআন কনফারেন্সে ধর্মপ্রাণ মুসলমানরা যোগদান করেন। এছাড়া কনফারেন্সে বিভিন্ন দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
দুপুর ২ টা থেকে নিয়ে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পর্বে আল কোরআনকে নিয়ে ছিল চমৎকার আয়োজন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ। আসরের নামাজের বিরতির পর শুরু হয় কনফারেন্সের বিশেষ আকর্ষণ সাওতুল কোরআন প্রতিযোগিতা।
সাওতুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ হানুক। তিনি পুরষ্কার হিসেবে পেয়েছেন তিন হাজার পাউন্ডের চেক ও ক্রেস্ট। এক্সেল সেন্টার লন্ডনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৮ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হয়েছেন অকিল রহমান আর তৃতীয় সাইম আহমদ।
ইক্বরা বাংলা টিভির উদ্যোগে জাতীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে ব্রিটেনের প্রায় ২০০ প্রতিযোগি অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৮ জন প্রতিযোগি ফাইনালে পৌঁছেন। আল খায়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইক্বরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম ক্বাসিমের সার্বিক তত্ত্বাবধানে বেলা ২ টায় শুরু হয় ফাইনাল প্রতিযোগিতার এ অনুষ্ঠান। তবে এর আগেই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে পরিবার নিয়ে মানুষজন জড়ো হতে থাকেন এক্সেল সেন্টারে। এতে অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় হল রুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদীনার মসজিদে আন নাবাবীর দীর্ঘ ৫০ বছরের আল কোরআনের উস্তাদ ক্বারী শায়খ বশির আহমদ সিদ্দিক্ব। সন্ধ্যা ৬ টার পরপরই স্টেজ-এ উঠেন তিনি। এসময় উপস্থিত সকলে দাড়িয়ে তাঁকে সম্মান জানান। পরে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্য দুটি প্রশ্ন করেন।
প্রথমটি হচ্ছে, ‘কেয়ামতের জন্য আপনারা কি তৈরি?’ কারণ সেদিন কেউ কারো জন্য সুপারিশ করবে না। দ্বিতীয়টি হচ্ছে, ‘শিশুদের ভবিষ্যতের জন্য আপনারা কি করে যাচ্ছেন?’ পরে দুটি প্রশ্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। তিনি উপস্থিত সকলকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের অনুরোধ জানান।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃটেনের বিশিষ্ট আলেম শায়খ মাওলানা রিয়াদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। সাউতাল কুরআনের প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর আল খায়ের ফাউন্ডেশনের ২০ বৎসর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন ছিল। পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের কান্ট্রি ডাইরেক্টরগণ বক্তব্য প্রদান করেন এবং এর পাশাপাশি আল খার ফাউন্ডেশন এর গত ২০ বছরের মানবতার কল্যাণে বিশ্বব্যাপী কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সম্মেলনের শেষ পর্বে আলখায়ের ফাউন্ডেশন এবং হাফস একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আল কোরআন গ্রাজুয়েশন শিরোমনি। এতে ইংল্যান্ডে বসবাসরত ক্বারী শায়খ বশির আহমদ সিদ্দিক্বীর ১০ জন ছাত্রকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হন উপস্থিত প্রায় চার থেকে পাঁচ হাজার শ্রোতাবৃন্দ।
আল কোরআনকে কেন্দ্র করে আয়োজিত ব্রিটেনের স্মরণকালের সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয় ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভিতে। এর মাধ্যমে লাখো শ্রোতা বিভিন্ন দেশ থেকে আল কোরআন কনফারেন্সে সংযুক্ত ছিলেন। সম্মেলনে আল কোরআন এর উপর সমাপনী বক্তব্য প্রদান করেন বৃটেনের শীর্ষ আলেম শায়েখ রিয়াদুল হক। আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসীম রাশিদ আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে আল কোরআন কনফারেন্সের সমাপ্তি ঘটে।

আল কোরআন কনফারেন্স সর্বাত্মকভাবে সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আল কোরআন কনফারেন্স বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান, সমন্বয়কারী মাওলানা গোলাম কিবরিয়া, সমন্বয়কারী মাওলানা ফয়েজ আহমদ, সম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মুফতি সালেহ আহমদ, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা আব্দুল বাসীত ও মাওলানা নাজীম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি

