বিঅন টিভি ইউকের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
আহমেদ সুহেল :: বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করেছে ব্রিটেনের বাংলাভাষী অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বি অন টিভি ইউকে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশের বাইরে থেকে পুরুষদের পাশাপাশি নানা ভূমিকা রাখা মহিয়সী দুই প্রবাসী মুক্তিযোদ্ধার গল্প নিয়ে শুধুমাত্র মহিলাদের উপস্থিতিতে বিশেষ আয়োজন আর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের বার্মিংহামে বি অন টিভি ইউকের স্টুডিওতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সমবেত পরিবেশন আর মানচিত্র অংকিত বিজয় দিবসের বিশেষ কেক কাটার মাধ্যমে বিজয় দিবস উদযাপন শুরু হয়। বাংলাদেশের জাতীয় পতাকা ও মানচিত্রের নানা চিত্র দিয়ে বি অন টিভি ইউকের পুরো স্টুডিওকে সাজানো হয়।
বিজয় দিবস উপলক্ষে এম্পিওয়ার্ড ওমেন লাইভ অনষ্ঠানের বিশেষ পর্বে উপস্থাপিকা ফাজলী বিবির সঞ্চালনায় প্রবাস থেকে মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাঙালী মহিলাদের প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন সে সময়কার দুই প্রবাসী মহিলা মুক্তিযোদ্ধা মিসেস বদরুন্নেছা পাশা ও মিসেস নাজমা খালিক।
এসময় মিসেস বদরুন্নেছা পাশা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ফান্ড রেইজিং-এ তাঁর গহনা প্রদানের কথা উল্লেখ করে বলেন, সংখ্যায় অল্প হলেও সে-সময় বিভিন্ন সভা সমাবেশে পুরুষদের পাশাপাশি নরাীদের অংশগ্রহণও একেবারে কম ছিলো না। মিসেস নাজমা খালিক বার্মিংহামের স্মলহীথ পার্কে ২৮ শে মার্চ প্রবাসে প্রথম বাংলাদেশী জাতীয় পতাকা উত্তোলনের স্মৃতি রোমন্থন করে বলেন, সে সময় মহিলারা বিভিন্ন খাবার সামগ্রী তৈরী করে, তা বিক্রি করে চ্যারিটির মাধ্যমে অর্থ সংগ্রহ করে বাংলাদেশে প্রেরণ করেছে। লাইভ অনুষ্ঠানে দর্শকদেরও ছিলো সরাসরি অংশগ্রহণ ও দুই প্রবাসী মুক্তিযোদ্ধার কাছে প্রশ্ন করার সুযোগ।
এতে অন্যদের মধ্যে অংশ নেন সাজনা আমালিয়া বেগম, আসমা চৌধুরী, ফাতেমা শামিম চৌধুরী, ফেরদৌস খোন্দকার, শারাফ খান, মলি আহমেদ, নুরুন চৌধুরী কলিসহ নুতন প্রজন্মের বেশ কজন তরুণী। এসময় ভার্চ্যুয়ালী যোগ দেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও ওয়েষ্ট মিডল্যান্ডসের মেয়র এন্ড্রি স্ট্রীট।
এসময় তারাও নারীদের উৎসাহিত করতে বিঅন টিভি ইউকের ভিন্নধর্মী আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে মঞ্চে এসে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালায় যোগ দেওয়ায় আগত সকল নারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বি অন টিভি ইউকের পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন, হেড অব প্রোগ্রামস রিয়াদ আহাদ, সেলস এন্ড মার্কেটিং প্রধান আবু এইচ চৌধুরী সুইট ও অনুষ্ঠান সহযোগি শিপন আহমেদ। শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

