সেইভ সিলেট প্রজেক্টের লাইভ সমাপনী : ১৪ পার্টনারকে বিশেষ সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২
সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভিটেবাড়ি-সম্পদ হারিয়ে বিপন্ন হয়েছেন হাজারো পরিবার। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চ্যানেল-এস ‘সেইভ সিলেট টুগেদার: ওয়ান কমিউনিটি, ওয়ান এ্যাপিল’ শিরোনামে উদ্যোগ গ্রহণ করে। রেসকিউ এইড ট্রাস্টের মাধ্যমে চ্যানেল এস-এ দুদিন লাইভ চ্যারিটি এপিল অনুষ্ঠিত হয়।
এতে যুক্ত হয় বৃটিশ বাংলাদেশী ১৫টি পার্টনার প্রতিষ্ঠান। সাধারণ দান এবং সবার সহযোগিতায় বন্যা পরবর্তী পুনর্বাসনে প্রায় ১শ’ ৫ হাজার পাউন্ড সংগৃহিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক জরুরী খাবার বিতরণের পর ঘর নির্মাণে ও সংস্কারে সব মিলিয়ে ব্যয় হবে প্রায় ১শ’ ৫ হাজার পাউন্ড।
গত সোমবার চ্যানেল এস স্টুডিওতে সেইভ সিলেট প্রজেক্টের লাইভ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রামস ফারহান মাসুদ খানের পরিচালনায় লাইভ অনুষ্ঠানে প্রজেক্টে অংশ গ্রহণকারী ১৪ জন পার্টনারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নূন্যতম ৫ হাজার পাউন্ড দিয়ে সেইভ সিলেট টুগেদার-এর প্রাইম পার্টনার হিসেবে সম্মাননা গ্রহণ করে বৃটিশ বাংলাদেশ ক্যাটারাস এসোসিশেন (বিবিসিএ), এম কে সি ওয়েলফেয়ার ট্রাস্ট, শেফ ওনলাইন ও লন্ডন-বাংলা প্রেসক্লাব।
এছাড়াও পার্টনার হিসেবে নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ সেন্টার, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি), গ্রেটার সিলেট কাউন্সিল, এসোসিশেন অব বাংলাদেশী সলিসিটার্স, বালাগনঞ্জ-ওসমানী নগর সমিতি, রনধির পাল ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রাউট টু বি সিলেটী ওয়েলফেয়ার ট্রাস্ট, ছাতক উপজেলা স্পোটিং ক্লাব, গোয়াইনঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন, লালাবাজার ইউনিয়ন এডুক্যাশন টাস্ট্রের প্রতিনিধিরা।
এসময় সংগঠনগুলোর নেতৃবৃন্দরা আগামীতেও বৃহত্তর সিলেটের উন্নয়নে চ্যানেল এস এর সাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ঘর বাড়ি উন্নয়নে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কাছে ২ হাজার, ৫,৭ হাজার পাউন্ডসহ বিভিন্ন অংকের চেক হস্তান্তর করা হয়। এসময় প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় যাথাযথভাবে কাজ করার অঙ্গিকার করেন।
প্রজেক্টের কো-অর্ডিন্যটর চ্যানেল এস’র চীফ রির্পোটার মোহাম্মদ জুবায়ের জানান, কঠিন পরিস্থিতিতে বৃটিশ বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে তাৎক্ষকিণভাবে মানুষের পাশে দাঁড়ায় চ্যানেল এস। মাহি ফেরদৌস-এর অগ্রিম আর্থিক সহযোগিতা নিয়ে প্রায় প্রায় ৩ হাজার ৭শ’ মানুষকে জরুরী খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হয়। বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যয় হবে বানবাসী মানুষের ঘর নির্মাণ ও এর সংস্কারে। আর এর সম্পূর্ণ তদারকি করবে চ্যানেল এস। তিনি মহতি এই কাজে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
চ্যানেল এস এর ফাউন্ডার চেয়্যারম্যান মাহি ফেরদৌস জলিল সব দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বন্যার কারণে শত-সহস্র পরিবারের আজ মাথাগুজার ঠাঁই হারিয়েছে। কারো কারো ঘরে এখনো জরুরী খাবার এবং বিশুদ্ধ পানির কোনো নিশ্চয়তা নেই। বুড়ো মানুষ এমনকি শিশুরা আরো বেশী বিপর্যস্ত।
তিনি বলেন, সবাই মিলে যে কিছু কাজ করা যায়-সেইভ সিলেট টুগেদারের মাধ্যমে আমরা এর একটা দৃষ্টান্ত স্থাপন করলাম। কিন্তু তার মানে এই নয় যে, এই সামান্য অর্থে সব সমস্যার সমাধান হবে। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে চ্যানেল এস এর এম ডি তাজ চৌধুরী বলেন, আগামীতেও মানবসেবায় নিরলসভাবে কাজ করে যাবে চ্যানেল এস। তিনি সিলেটকে নিয়ে দীর্ঘময়াদী পরিকল্পনা গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি এক ভিডিও বার্তায় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রাইম পার্টনার শেফ অনলাইনের সিইও মোহাম্মদ মুনিম সালিক বলেন, চ্যানেল এস একটি উদ্যোগ নিয়েছে, সেটি সফল হবে আমার বিশ্বাস ছিলো। তাই এতে যুক্ত হয়েছি।
বিবিসিএ সেক্রেটারী তোফাজ্জুল মিয়া বলেন, চ্যানেল এস যে সকল বিশেষ প্রজেক্ট নিয়েছে; সবগুলোতে আমরা ছিলাম। যেমন সেইভ তাফিদা ক্যা¤েপইন, লাভ ফর এনএইএচএস, আরএফসি এবং বর্তমানে চলছে সেইভ সিলেট টুগেদার। মানবতার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এইসব প্রজেক্ট স্মরণীয় হয়ে থাকবে।
এম কে সি ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ার মনজুরুস সামাদ চৌধুরী মামুন বলেন, চ্যানেল এস সবাইকে এক প্লাট ফর্মে নিয়ে এসেছে। সকল শীর্ষ স্থানীয় সংগঠনের সাথে আমিও নিজে যুক্ত হতে পেরেছি-এটা আমার জন্য আনন্দের। কারণ ভালো কাজ একা করা যায়, কিন্তু বড়সড় ভালো কাজ সবাই মিলে করতে হয়।
অনুষ্ঠানে পার্টনারদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিবিসিসি লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট মনির আহমদ, লন্ডন-বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারন সম্পাদক দেলয়ার হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

