প্রবাসীরা দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন : আসাদ উদ্দিন আহমদ
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২
সিলেট মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদকে সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে। এ উপলক্ষে গত ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির গণ্যমান্য মানুষ উপিস্থিত ছিলেন।
এতে এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন আহমদ বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। প্রবাসীরা যেমন রেমিটেন্স পাঠান ঠিক তেমনি দেশে বড় বড় বিনিয়োগ করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জকিগঞ্জ এসোসিয়েশন সম্পর্কে তিনি বলেন, এ সংগঠন দেশের যেকোনো খারাপ পরিস্থিতিতে বড় ভূমিকা রাখে। প্রতিবছর মানবিক যেসব কার্যক্রম দেখা যায় তা নিশ্চয় প্রশংসার দাবি রাখে। বিশেষ করে গেল করোনাভাইরাস ও বন্যার সময় মানুষের পাশে সাহায্য নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তা সারা জকিগঞ্জের মানুষ দেখেছে। তিনি আগামীতে সংগঠনের প্রতি এমন কাজ কর্ম অব্যাহত রাখার আহবান জানান।
সংবর্ধিত অতিথি আসাদ উদ্দিন আরো বলেন, লন্ডনে এসে আমি সবসময় বোধ করেছি দেশে কিংবা জকিগঞ্জেই আছি। ২১ নভেম্বর জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস সম্পর্কে তিনি বলেন, দাবিটি বাস্তবায়নে দেশের চেয়ে লন্ডনের প্রবাসীর সোচ্ছার বেশি। জকিগঞ্জ এসোসিয়েশনের এ দাবির সাথে তিনিও একাত্মতা পোষণ করে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন বলেও উল্লেখ করেন তিনি। এসোসিয়েশনের দাবির প্রেক্ষিতে প্রস্তাবিত চারখাই থানায় জকিগঞ্জের বারহাল ইউনিয়নকে সম্পৃক্ত করার বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনা করবেন বলে উল্লেখ করেন আসাদ উদ্দিন। প্রয়োজনে রেফরেন্ডম করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে মত দেন অনেকেই। এছাড়া বাংলাদেশ বিমানে যাত্রী হয়রানি ও বিমানে খালি সিট থাকার পরও টিকেট না পাওয়া বিষয়ে প্রবাসীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিমান মন্ত্রীর সাথে এ বিষয়ে তিনি আলোচনা করবেন।

অনুষ্ঠানস্থলে আসার পরপরই আসাদ উদ্দিনকে ফুলেরতোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাথে সাথে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা জামাল খান ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জকিগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা বদরুল হক চৌধুরী, সাবেক স্পীকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পীকার আহবাব হোসেন,সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, হিউম্যান রাইট পিচ ফর বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলী,সমাজসেবক আব্দুস সামাদ চৌধুরী, জকিগঞ্জ এসোসিয়েশনের ট্রেজারার গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, একে আজাদ তাপাদার লিটু, মাওলানা জামাল খান, দেলোয়ার হোসেন, আব্দুল গাফফার, সাহান আহমেদ চৌধুরী, মইনুদ্দিন আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগগের সভাপতি তামিম আহমদ, রেদওয়ান আহমেদ মাওলানা নজরুল ইসলাম, সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক বাছির আহমেদ, ছাতক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিনহাজুর রহমান, সৈয়দ সোহেল আহমেদ, জালাল উদ্দিন মিন্টু, নাইম আহমেদ, আব্দুল মোনাফ, আনোয়ার খান, খালেদ আহমদ জয় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

