কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২
আনন্দঘন পরিবেশে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর শনিবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে দুই পর্বে সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল হীরা ইসলাম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মুজিবুর রহমান মুজিব। সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সংগঠনের সেক্রেটারি জেনারেল হীরা ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনিমজাহেদী ক্যারল। সদস্যদের প্রশ্ন পর্ব শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় অতিথিদের আসন গ্রহণ ও বক্তব্য।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটিমেয়র কাউন্সিলর মায়ূম মিয়া তালুকদার, লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলর সাফি আহমেদ, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, কাউন্সিলর মুশতাক আহমেদ, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর ফারুক আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর ভাইস চেয়ারম্যান শামসুল হক, নির্বাহী কমিটিরসদস্য ডাঃ মুহাম্মদ আলী, আলহাজ্ব আতিক মিয়া, মাফিজুর রব, মাওলানা মুসলেহ উদ্দিন ও ফারুক আহমেদসহ কাউন্সিল অফ মস্কোর ৫৯ টি মসজিদের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, টাওয়ারহ্যামলেটসের বাসিন্দাদের অন্যতম সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। মসজিদ ভিত্তিক এই সংগঠন সব সময় সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাউন্সিলের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল অফ মস্কসহ সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সকল দায়িত্ব পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করব।
তিনি আরো বলেন, এডুকেশন, হাউজিং এবং ইয়াংদের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিতকরতে ১.১ মিলিয়ন পাউন্ডের অনুদান প্রদান করছি। এই আর্থিক সহায়তা জীবনযাত্রার ব্যয়-সংকটের মধ্যেও তরুণদের পড়াশোনা চালিয়ে যেতে আত্মবিশ্বাস এবং উৎসাহ দিতে সহায়তা করবে।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, শিক্ষা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং লাইফলং লার্নিং বা জীবনব্যাপি শিক্ষায়সহযোগিতা করা আমার প্রশাসনের অন্যতম একটি অগ্রাধিকার। তরুণদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য সহযোগিতাকরা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নেতা হওয়ার উপযোগী টুলস বা সরঞ্জাম তাদেরকে দেওয়া খুবই অত্যাবশকীয়। তিনি আরো বলেন, আগামী প্রজন্মের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে কাউন্সিল অবমস্ক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে সেক্রেটারি জেনারেল হীরা ইসলাম আর্থিক সংকটের মধ্যেও বিভিন্নভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য কাউন্সিল অব মস্কের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোতে যেসব ভালো কাজ হয়েছে তার কৃতিত্ব সংগঠনের সকল সদস্যেদের। তাঁরা আমাদের সহযোগিতা করেছিলেন বলেই আমরা সেবা করতে পেরেছি। এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বিগত বছরগুলোর ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলকে কাউন্সিল অব মস্কের পাশে থাকার অনুরোধ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

