রাষ্ট্রপতির কাছে যেসব দাবি তুলে ধরলেন যুক্তরাজ্য প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিরা বাংলাদেশি সরকারি পরিষেবা গ্রহণে এনআইডির বৈধতা, নো ভিসা এবং পাসপোর্ট ইস্যু নিয়ে জটিলতা নিরসনসহ কয়েকটি দাবি পেশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে।
গত ১৬ নভেম্বর বুধবার লন্ডনের পার্কলেন হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ ইউনিট-এর ব্যানারে প্রবাসীদের দাবি সম্বলিত একটি আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট ধারণ, বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বাংলাদেশে থাকা অর্থ-সম্পদের রক্ষণাবেক্ষণ বা তদারকির জন্য কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার ক্ষমতা প্রদান।
চিঠি হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

