লন্ডনে ষষ্ঠ বেঙ্গলী ওয়েডিং ফেয়ার রোববার : থাকছে বিয়ে সংক্রান্ত ৫০ ধরনের প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২২
দেশ রিপোর্ট, ১৭ নভেম্বর ২০২২ : আগামী ২০ নভেম্বর রোববার পার্ল এডভার্টাইজিংয়ের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বেঙ্গলী ওয়েডিং ফেয়ার এন্ড ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস-২০২২। গত ১৬ নভেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৬ সালে লন্ডন ও বার্মিংহামে পৃথক দুটো বেঙ্গলী ওয়েডিং ফেয়ার আয়োজনের মধ্যদিয়ে এই যাত্রা শুরু হয়। এরপর ২০১৭ সালে লন্ডনের ক্যানারী ওয়ার্ফের হোটেল রেডিসনে তৃতীয় ওয়েডিং ফেয়ার এবং ২০১৮ ও ২০১৯ সালে লন্ডনের রয়েল রিজেন্সি হলে চতুর্থ ও পঞ্চম ওয়েডিং ফেরার সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়।
বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বেঙ্গলী ওয়েডিং ফেয়ার। পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে আগামী ২০ নভেম্বর রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফেয়ার অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে নতুন করে সংযোজন করা হয়েছে ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস। বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে যারা সফলতার সাথে সেবা প্রদান করে; মূলত তাদেরকে সম্মানিত করার জন্যই এবারের এই নতুন প্রয়াস।
সংবাদ সম্মেলনে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের প্রবর্তক চ্যানেল এস-এর প্রডিউসার আহাদ আহমদ ও সোহানা আহমদ। সংবাদ সম্মেলন সঞ্চালন করা সহ লিখিত বক্তব্য পাঠ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু।
বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, চ্যানেল এস এর হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান, সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, সিনিয়র রিপোর্টার তানভির আহমদ, রয়েল রিজেন্সির ডাইরেক্টর আব্দুল বারি, কাউন্সিলার সাঈদা চৌধুরী, চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মাসুদ আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল করিম নাজিম, চায়না চৌধুরী, আব্দুল মালিক, ডিজাইনার রুহী, রুমেনা ওয়ানও ওয়ান, বুটিক শিল্পি তামান্না, আটিস্টিক নীলিমা, আইরিন অঞ্জু, সাদিয়া হোসেন, জাকিয়া হাসান, সায়মা হোসেন ৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার আসম মাসুম, সাংবাদিক হাসান হাফিজুর রহমান পলক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ওয়েডিং বা বিয়ের কেনাকাটা করার ক্ষেত্রে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির জন্যে বেঙ্গলী ওয়েডিং ফেয়ার একটি নতুন দ্বার উন্মোচন করেছে। ইউকেতে শুধু বাঙ্গালী কমিউনিটিতেই বিয়ে সংক্রান্ত ব্যয় হয়ে থাকে বছরে প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড। পছন্দসই বর কনের সঙ্গে সুন্দরভাবে একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হলে এক সঙ্গে অনেকগুলো কাজের সমন্বয় সাধান করতে হয়। কম সময় এবং কম অর্থ ব্যয় করে পরিকল্পনা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে এবারও বেঙ্গলী ওয়েডিং ফেয়ার একই ছাদের নিচে সব সুযোগ নিয়ে আসছে সবার জন্যে। তাই এই সুযোগটি কাজে লাগাতে কমিউনিটির সবাইকে আহ্বান জানানো হয়।
এবারের লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে থাকছে লোকাল ওয়েডিং সার্ভিস, ওয়েডিং প্লানার্স, ক্যাটারার্স, ম্যাকআপ আর্টিস্ট, ফ্লোরিষ্টস, ভেন্যু, ক্যাটারিং, আউটফিটস, স্টেইজ ডেকোরেশন, ফটোগ্রাফার্স, কারস, বিয়ের পোশাক, জুয়েলার্স, ডায়মন্ড জুয়েলস, ডিজাইনার্স কোম্পানি, পালকি, রিক্সা, হেনা আর্টিস্টসহ বিয়ে শাদী সংক্রান্ত প্রায় ৫০ ধরনের প্রদর্শনী। থাকছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী এবং ওয়েডিং ম্যারেজ সার্ভিসও। প্রতিবছরের মত এবারো উপস্থিত থাকবেন নতুন প্রজন্মের বিজনেস এ্যন্টারপ্রেনাররা। কমিউনিটির জনপ্রিয় প্রেজেন্টার নাদিয়া আলী এবং জনপ্রিয় ইউটিউবার ও প্রেজেন্টার স্মাস বেঙ্গলীর উপস্থাপনায় পরিচালিত হবে এবারের ওয়েডিং ফেয়ার। ঐদিন দুপুর ৩টা থেকে শুরু হবে ফ্যাশন শো। ফ্যাশন শোতে বিয়ের পোষাকসহ সর্বশেষ ডিজাইনের পোষাকগুলোর প্রদর্শন করবেন ইউকের জনপ্রিয় মডেলরা। এবারের বিশেষ আকর্ষণ রুমেনা ১০১ এবং জনপ্রিয় ইউটিউবার ইক্সি ও বিলাল শাহীদ।
পরিবারের যে কারো বিয়ের অনুষ্ঠান পরিকল্পনায় সহযোগিতা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বেঙ্গলী ওয়েডিং ফেয়ার বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে আরও বলা হয়েছে, বিয়ে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ ও অনিবার্য বিষয়। সকল দেশে, সকল সমাজে বিয়ের রয়েছে নানারকম রীতি পদ্ধতি। ধর্ম, সংস্কৃতি ও সামাজিক মুল্যবোধের আলোকে বিভিন্ন সমাজ ও কমিউনিটিতে বিয়ের সাজসজ্জা কিংবা আনুষ্ঠানিকতায়ও রয়েছে ভিন্নতা। যেমন বিয়ের বাঙ্গালি সাজ কিংবা বাংলাদেশীদের বিয়ের আয়োজন অন্য কমিউনিটির চেয়ে কিছুটা ব্যতিক্রম। বাঙালির বিয়েতে বেনারসী শাড়ী, গায়ে হলুদ, কনের খোপায় ফুল, হাতে মেহেদির রংয়ের বাহার, সময়ের সঙ্গে মিলরেখে ম্যাকআপ, আলতা পায়ে বিশেষ জুতা, বরের শেরোয়ানিসহ থাকে নানা আয়োজন। কিন্তু লন্ডনের যান্ত্রিক জীবনে এক সঙ্গে এতো সবের সমাহার ঘটানো কিছুটা কঠিনই বটে। তাই একই জায়গায় একই আয়োজনে যারা বিয়ের সব পেতে চান, তাদেরকে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে আসতে বিশেষ ভাবে আমন্ত্রণ।
এবারের আয়োজনকে সফল করতে বিশেষভাবে সহযোগিতা করায় সংশ্লিষ্টরা রিটজ রয়েলস লাক্সারী ইভেন্টস, রয়েল রিজেন্সি, ডায়মন্ড জুয়েলাস, চ্যানেল এস টেলিভিশন, পিকচারদ্যাট, সেরানিটি ডেকো, লন্ডন টি এক্সেঞ্জ, সিম্প্লি ফ্লোরিং এন্ড ফার্নিচার, ফিস্ট এন্ড মিস্টি, ব্রুস্টোন গ্রুপ, পার্পল আই, কেসি সলিসিটর্স, প্রিন্ট আর্ট ফর ইউ, ট্রি হাউস ফর্টিন লিমিটেড, নিলি আর্টিস্টি, প্রাইম এস্টেট এজেন্ট, জেনারেল অটোস, বিবিসিএ, টেক পারফিউম, ইক্বরা ইন্টারন্যাশনাল, অল সিজন ফুডস, ডাব্লিউ পিসি, বাংলা রেমিট, তাজ একাউন্টেন্ট, দ্যা নিকা এন্ড কো, রাধুনী, এ পি জি, জাকিয়া হোসেন, হাউজ অব হেনা, কিংডম সলিসিটর্স এবং হিলসাইড ট্রাভেলসের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, সকল মিডিয়া হাউজ ও মিডিয়া পোর্টালকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমাদের এই ইভেন্টকে সফল ও সার্থক করার জন্য নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

