১১ ডিসেম্বর বার্মিংহামে অনুষ্ঠিত হবে বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর রোববার বার্মিংহামে বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বার্মিংহাম ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকে এই অনুষ্ঠানের আয়োজন করছে।
এ উপলক্ষে গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পরিষদের এক্সিকিউটিভ কমিটির এক বিশেষ বর্ধিত সভা নগরীর কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি বাংলামেইল সম্পাদক ছড়াকার সৈয়দ নাসির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি সৈয়দ মাসুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির নির্বাহী সদস্য কমরেড মসুদ আহমেদ, এক্সিকিউটিব কমিটির নির্বাহী সদস্য ও বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ, নির্বাহী সদস্য জুনায়েদ আন্দ্রে, এম এ মুনতাকিম ও কবি আউয়াল জামান কয়েছ, কোষাধ্যক্ষ সাংবাদিক বদরুল আলম, প্রচার সম্পাদক কবি মোহাম্মদ ইবাদুল ইসলাম ফয়সল প্রমুখ।
সভায় বিজয় দিবস উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর রোববার বার্মিংহামে ব্রিটেনের বাংলা ভাষী কবি, সাহিত্যিক আর সংস্কৃতিপ্রেমিদের নিয়ে এক বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বার্মিংহামের সাংষ্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ এলাহী হক সেলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ১৭ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত বইমেলায় অনাকাঙ্খিত ঘটনার জন্য নিন্দা প্রকাশ করা হয়। পরে কবিতা পাঠের মাধ্যমে সভা শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি

