ইস্ট লন্ডন মসজিদের ৬৩তম সাধারণ সভা : কমিউনিটিকে আরো বেশি সেবা দেওয়ার প্রত্যয়
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২২
ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের ৬৩তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । গত ২২ অক্টোবর শনিবার দুপুরে মারিয়াম সেন্টারের তৃতীয়তলাস্থ সেমিনার হলে ট্রাস্টের সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় । পবত্রি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আইয়ুব খান। বক্তব্য রাখেন মসজিদের জেনারেল সেক্রেটারি ড. আব্দুল হাই মুর্শেদ ও আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ। প্রজেক্টারের মাধ্যমে মসজিদের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন ফাইন্যান্স এন্ড এনগেইজমেন্ট ডাইরেক্টর দেলওয়ার খান।
সভায় ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের মেম্বারশীপ পলিসির ওপর সংশোধনী প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয় । তাছাড়া নতুন ৭জন সদস্য নেওয়া হয়। ২৫ জন প্রার্থীর আবেদন নির্বাহী পরিষদ যাচাই বাছাই করে ৭ জনকে প্রাথমিকভাবে অনুমোদন প্রদান করে। এই ৭ জনের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি সাধারণ সভায় উপস্থাপন করা হলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান আইয়ুব খান তাঁর বক্তব্যে বলেন, আমরা এখন কোভিড পরবর্তী বছর পার করছি এবং কমিউনিটি সেবায় বিদ্যমান যাবতীয় সুযোগ সুবিধা আগের মতোই অব্যাহত রেখেছি । বিশেষ করে মানুষের সুস্বাস্থ বজায় রাখতে কোভিডের টিকা প্রদান কর্মসূচি চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল । কোভিডের সময় আমরা বিভিন্ন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে মানুষকে নিরাপদ রাখার চেষ্টা করেছি এবং গত রমজান এবং ঈদের সময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছি ।
তিনি বলেন, আমাদের আল মিজান প্রাইমারি স্কুল ও লন্ডন ইস্ট একাডেমি সেকেন্ডারি স্কুল- এই দুটো প্রতিষ্ঠানই অফস্টেড থেকে ‘ভালো’ হিসেবে রেটিং অর্জন করেছে। স্কুল দুটো শিক্ষার্থীদের ‘আচরণ’ আউটস্ট্যান্ডি বলে স্বীকৃতি লাভ করেছে । এজন্য আমরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অন্তরিক ধন্যবাদ জানাই।
আইয়ুব খান আরো বলেন, চলতি বছরের অর্থনৈতিক নাজুকতার কারণে ইস্ট লন্ডন মসজিদ আরো ব্যাপকভাবে সেবা কার্যাক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। বিশেষকরে ফুড ব্যাঙ্ক চালুকরণ- যা আমরা মহামারির শুরুতে প্রথম লকডাউনের সময় শুরু করেছিলাম। অর্থনৈতিক নাজুক অবস্থার মধ্যেও আগের মতো দান-কার্যক্রম অব্যাহত রেখে আমাদের কমিউনিটির মানুষ একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত রামাদ্বানে অন্যান্য সময়ের চেয়ে মানুষ আরো বেশি দান করেছেন-যার পরিমাণ ছিলো প্রায় আড়াই লাখ পাউন্ড।
আল্লাহর অশেষ মেহেরবানিতে এই কঠিন সময়ে ইস্ট লন্ডন মসজিদ শুধু তার আর্থিক অবস্থা স্থিতিশীল রাখতেই সক্ষম হয়নি, মসজিদের পুরানো গম্বুজটি প্রতিস্থাপনের জন্যও একটি ভালো অবস্থানে রয়েছে । তাছাড়া, তৃতীয়ধাপে মসজিদের হল সম্প্রসারণ কাজ অব্যাহত রাখার পাশাপাশি, প্লানিং অ্যাপলিকেশন অনুমোদনের পর এখন মারিয়াম সেন্টারে মহিলাদের নামাজের হল সম্প্রসারণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের জন্য মসজিদের পরিচালনা পর্ষদের সদস্য, সাধারণ সদস্য, স্টাফ ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের আন্তরিক প্রচেষ্ঠায় ইস্ট লন্ডন মসজিদ যুক্তরাজ্যের অন্যতম সফল মসজিদ এবং ইসলামিক সেন্টার। জনাব আইয়ুব খান আগামী দিনগুলোতে ইস্ট লন্ডন মসজিদ কমিউনিটিকে আরো বেশি সেবা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দেলওয়ার খান মসজিদের বিগত বছরের কার্যাবলীর প্রতিবেদন উপস্থাপনকালে বলেন, গত এক বছরে ১৭ লাখেরও বেশি মানুষ ইস্ট লন্ডন মসজিদ ভিজিট করেছেন । এর মধ্যে প্রতিদিন কমপক্ষে ১৬৯ জন মানুষ নানা প্রয়োজনে মসজিদের রিসেপশনে যোগাযোগ করেছেন । সপ্তাহের পাঁচ কর্মদিবসের চেয়ে সপ্তাহ শেষে ছুটির দুইদিন মানুষের যোগাযোগ ছিলো অনেক বেশি । মহিলাদের সর্বাধিক যোগাযোগ ছিলো মারিয়াম সেন্টারের রিসেপশনে । বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য ৩৪০০ জন মহিলা মারিয়াম সেন্টারে যোগাযোগ করেছেন। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কমপক্ষে ১ কোটি ৮৩ লাখের বেশি মানুষ মসজিদের ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন ।
উল্লেখ্য, সাধারণ সভায় ৭জন নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন অনুমোদনের পর ইস্ট লন্ডন মসজিদের বর্তমান সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৩ জনে উন্নীত হয়েছে । সদস্যদের অধিকাংশই বাংলাদেশী । তবে পাকিস্তানী, ভারতীয়, সৌদি, সোমালী ও মিশরী বংশদ্ভুতরাও রয়েছেন । তাছাড়া, এই ৮৩ সদস্যের মধ্যে স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার, পাকিস্তান হাইকমিশনার, সৌদি অ্যাম্বেসেডর ও মিশর অ্যাম্বেসেডর। সংবাদ বিজ্ঞপ্তি

