সাত ব্রিটিশ-বাংলাদেশীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
প্রবাসীদের হয়রানি ও সাত ব্রিটিশ-বাংলাদেশীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্প্রতি মিল্টন কিংস বাংলাদেশ এসোসিয়েশন ইউকে লন্ডন-বাংলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে আয়োজকরা বেশ কয়েকটি দাবি উত্থাপন করে তা বাস্তবয়ানের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে ৭ জন যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে প্রেরণ এবং বিভিন্নভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। যে কারণে যুক্তরাজ্য প্রবাসী মাত্রই উদ্বিগ্ন। একইসাথে উল্লেখ করা হয়, দেশে প্রবাসী বাংলাদেশীদের উপর জুলুম-নির্যাতন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। অনেক আশ্বাসের পরও কোনো কিছুতেই এর প্রতিকার মিলছে না। তারা এ সমস্ত বিষয় প্রতিকারের জন্য এবং বিশেষ করে মামলাগুলো দ্রæত বিচারের জন্য অবিলম্বে প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইবুন্যাল স্থাপনের কথা উল্লেখ করেন।
এতে আরও বলা হয়, উক্ত ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারের ফলে বাংলাদেশে ব্যবসার পরিবেশের যে সুনাম ছিল তা আজ কতিপয় দুষ্টু মানুষের জন্য নষ্ট হতে চলেছে। তাই তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি বিচার করা না হয় তাহলে প্রবাসীরা দেশে গিয়ে ব্যবসায় অবদান রাখতে পারবেন না।
সংবাদ সম্মেলনে তারা বেশ কয়েকটি দাবী উত্থাপন করেন। সেগুলো হচ্ছে- প্রবাসী ৭ ব্যবসায়ীর মামলা থেকে অব্যাহতি দেয়া, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি দ্রুত প্রদান করা, পাসপোর্ট সংক্রান্ত সকল সমস্যার সমাধান করা, দেশে প্রবাসীদের জায়গা সম্পত্তি দখলমুক্ত করা, সিলেটে ব্রিটিশ পাসপোর্টধারীদের পোর্ট ভিসা প্রদানের ব্যবস্থা করা, পাওয়ার অব এ্যাটর্নি এবং নো ভিসা স্টাম্প আগের মত ব্রিটিশ পাসপোর্ট প্রদর্শন এর মাধ্যমে দেয়া। পাসপোর্ট তৈরির সময় পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানী বন্ধ করা।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন মিলনটন কিংস বাংলাদেশী এসোসিয়েশন ইউকে ও দেশে গ্রেপ্তারকৃত ৭ প্রবাসীর আত্মীয়-স্বজন এর মধ্যে- মো. ছালিক আহমদ, মনির আহমেদ, আব্দুল ওয়াদুদ সাহেল, আলহাজ্ব তৈমুছ আলী আব্দুল মুকিত, আবুল কালাম, কাজী মকবুল আলী, মো. নুরুল হক ও মোঃ সাইদুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

