ব্রোমলিতে মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
সাউথ লন্ডনের ব্রোমলি এলাকায় মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর বুধবার ইস্ট লন্ডন মসজিদের একটি সেমিনার হলে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে দ্যা মিশন প্যারাডাইজ (সিআইসি নাম্বার ১৪০২৬৮৩২) নামে একটি সমাজসেবামূলক সংস্থা।
এতে ব্যারিস্টার বদরে আলম দিদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন নোয়াখালীর বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা ফয়জুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পূর্ব লন্ডনের পপলার মসজিদ ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা ফয়জুল্লাহ বলেন, হযরত আদম আলাইহিস সালামের সময়ই বাইতুল্লাহ বা কাবা ঘর নির্মিত হয়। তখন থেকেই মানুষ আল্লাহর ঘর হিসাবে এর মর্যাদা দিয়ে আসছে। এক সময় ঘরখানি কালের আবর্তনে বিলীন হয়ে যায়। হযরত ইবরাহীম আলাইহিস সালামের আমলে তার চিহ্নমাত্র অবশিষ্ট ছিল না। তাই তাঁকে নতুন করে প্রাচীন ভিতের উপর সেটি নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়। আল্লাহ তাআলা তাঁকে ওহী মারফত তা জানিয়ে দিয়েছিলেন। এ বিষয়টি সূরা বাকারার ১২৭ নাম্বারে আল্লাহ বলেছেন, ‘এবং (সেই সময়ের কথা চিন্তা কর) যখন ইবরাহীম বাইতুল্লাহর ভিত উঁচু করছিল এবং ইসমাঈলও তার সাথে শরীক ছিল এবং তারা বলছিল, হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ হতে (এ সেবা) কবুল করুন। নিশ্চয় আপনি এবং কেবল আপনিই সব কিছু শোনেন ও সবকিছু জানেন। ’
বিশেষ অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, আল্লাহর ঘরের কাজ কোনদিন আটকে থাকে না। এজন্য দরকার আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনা। মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ভাল কাজের ভীত স্থাপিত হয়। যা যুগ যুগ ধরে চলমান থাকে। তিনি তার বক্তব্যে উক্ত সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করেন।
দ্যা মিশন প্যারাডাইজ মসজিদের উদ্যোক্তা ও ট্রাস্টি মেম্বার মাওলানা সাইফুল্লাহ খালেদ বলেন, ব্রোমিল এলাকার জনসংখ্যার হিসাব থেকে দেখা যায় এখানে প্রায় ৭ হাজার মুসলমান রয়েছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় এখানে কোন মসজিদ না থাকায় স্থানীয় মুসলমানদের নামাজ আদায় করতে প্রায় দেড় ঘন্টা হাটতে হয়। তাই এখানে মসজিদ প্রতিষ্ঠা হলে আমরা অল্প সময়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতো পারবো। আমাদের ভবিষ্যত প্রজন্মকে দ্বীনি শিক্ষা দিতে পারবো।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের মেম্বারগণ সংগঠনের সার্বিক দিক এবং পরিকল্পনা তুলে ধরেন। তারা ব্রিটিশ বাংলাদেশি ও মুসলিম কমিউনিটিসহ সবাইকে এই মহতী উদ্যোগে অংশ নেয়ার জন্য উদাত্ত আহবান জানান।
আলোচনা সভায় ট্রাস্টির অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান, এস্কান্দার আলম ও একাউন্টেন্ট কায়কোবাদ ভূঁইয়া রুবেল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

