কনজার্ভেটিভের অদূরদর্শী পরিকল্পনা ক্ষদ্র ব্যবসায়ীদের জন্য বিপর্যয় ডেকে আনবে-সংবাদ সম্মেলনে বার্কিংয়ের সম্ভাব্য এমপি প্রার্থী ইব্রাহিম ডগাস :
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২২
দেশ রিপোর্ট, ২৩ সেপ্টম্বর ২০২২: ‘স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ফর লেবার (এসএমই ফর লেবার) এর প্রতিষ্ঠাতা, পূর্ব লন্ডনের বার্কিং আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইব্রাহিম ডগাস বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা অনিশ্চিত ভবিষ্যতের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে । এই শীতে ব্যবসায়ীদের জন্য আরো কঠিন বাস্তবতা অপেক্ষা করছে। তিনি বলেন, ব্যবসায়ীরা আজ বৃটেনের ব্যবসা বাণিজ্যের ভবিষ্যত ও অজানা পরিস্থিতি নিয়ে শংকিত । তবে স্বস্তির কথা হচ্ছে, আমাদের দাবির প্রেক্ষিতে কনজারভেটিভ সরকার ইতিমধ্যেই ইউ-টার্ন করেছে এবং জ্বালানি খরচের সর্বোচ্চসীমা নির্ধারণ করেছে । কিন্তু মাত্র ৬ মাসের জন্য এই বরাদ্দ একেবারেই নগন্য।
তিনি ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পুর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্টরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন । বৃটিশ-বাংলাদেশী সেলিব্রেটি শেফ অলি খান এমবিই’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইব্রাহিম ডগাসের ক্যাম্পেইন টিমের সদস্য লিও ক্যালি।
ইব্রাহিম ডগাস একজন তার্কিংশ বংশোদ্ভত বৃটিশ রাজনীবিদ ও ব্যবসায়ী । তিনি ২০১৮ সাল থেকে লণ্ডনের ল্যাম্বাথ কাউন্সিলের ভক্সোল ওয়ার্ডের লেবার দলের কাউন্সিলার । ল্যাম্বাথ কাউন্সিলের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি লন্ডনে সেন্টার ফর তার্কি স্টাডিজ, সেন্টার ফর কুর্দিশ প্রগ্রেস-এর প্রতিষ্ঠাতা এবং লন্ডনের তার্কিশ এন্ড কুর্দিশ কমিউনিটির একজন সক্রিয় সংগঠক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেবার পার্টি সবসময়ই সাধারণ মানুষের সমস্যা অনুধাবন করে । আমরা ক্ষুদ্র ব্যবসার মালিকদের সাথে কথা বলেছি এবং এরই পরিপ্রেক্ষতে বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বাস্তব সমাধান প্রস্তাবনা আকারে প্রদান করেছি । লেবার ও কনজারভেটিভ দুই দলই এনার্জি ক্যাপ চায় । প্রার্থক্য শুধু ফাণ্ড ম্যানেজমেন্ট নিয়ে। আমাদের প্রস্তাবনা হচ্ছে- উইণ্ডফল কোম্পনিগুলোকে ট্যাক্সের আওতায় এনে এনার্জি সেক্টরের সংকট মোকাবেলায় অর্থনীতিতে বিশাল ঘাটতি পূরণে ভর্তুকি প্রদান করা । এর ফলে, বর্তমান সংকটকে কাজে লাগিয়ে যারা বিলিয়ন বিলিয়ন পাউণ্ড আয় করছে, সেই আয়ের একটি অংশ বর্তমান সংকটের কারণে যাদের জীবন বিপর্যস্ত তাদের প্রতি বিনিয়োগ করা যাবে ।
অথচ কনজার্ভেটিভ পার্টি বাস্তব এই প্রস্তাব গ্রহণ করতে ভয় পায়। তারা এখন ধার করে পরে দেনা শোধ করতে চায় । আমি মনে করি, সরকারের এই অদূরদর্শী পরিকল্পনা একটি ন্যাক্কারজনক উদাহরণ হয়ে থাকবে । কারণ এই অতিরিক্ত জ্বালানি ব্যয় সামাল দিতে যে পরিমাণ ভর্তুকির প্রয়োজন হবে তা আমাদের ছোট ব্যবসায়ীদের ওপর ট্যাক্সের বোঝা বেশি করে চাপিয়ে আদায় করা হবে । অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সংকুচিত করার কনজার্ভেটিভের এই পরিকল্পনা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে । এমনকি, এর প্রভাব পড়বে হসপিটালিটি ইণ্ডাস্ট্রিতেও ।
ইব্রাহিম বলেন, আমি নিজে একজন ক্ষুদ্র রেস্টুরেন্ট ব্যবসায়ী। আমরা এখনো কোভিড পরবর্তী বিপর্যয় কাটিয়ে উঠার জন্য সংগ্রাম করছি । এখনো রেস্টুরেন্টে কাস্টমারের সংখ্যা কোভিডের পূর্ববর্তী সময়ের মতো বাড়েনি । টুরিস্ট সিজনের শেষ পর্যায়ে এখন আমরা । স্বাভাবিকভাবেই আগামী দিনগুলোতে রেস্টুরেন্টে ব্যবসা আরো কমবে । তার ওপর ব্রেক্সিটের কারণে সারা দেশে যে স্টাফ সংকট তৈরি হয়েছে তার প্রভাব পড়ছে পুরো দেশে । আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগী দেশগুলো থেকে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বৃটেন । এ কারণেই প্রবৃদ্ধিতে জি-৭ দেশগুলোর মধ্যে বৃটেনের অবস্থান তলানিতে।
এস.এম.ই ফর লেবার-এর প্রতিষ্ঠাতা হিসাবে আমি জানি, এই দেশের অর্থনীতিতে স্মল বিজনেস কতখানি গুরুত্ব বহন করে । যুক্তরাজ্যের প্রাইভেট সেক্টরের ৯৯.৩ শতাংশ ব্যবসাই ক্ষুদ্র ব্যবসার অন্তর্ভুক্ত । ১.৮ ট্রিলিয়ন পাউণ্ড টার্নওভারের এই সেক্টরে কর্মরত আছেন প্রায় ১৫.৭ মিলিয়ন মানুষ ।
বহু সংস্কৃতি ও বহুমাত্রিকতায় সমৃদ্ধ ইস্ট এণ্ড এর একটি উল্লেখযোগ্য এলাকা হচ্ছে বার্কিং । লেবারের একজন সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে সম্প্রতি আমি বার্কিং এলাকায় স্থানীয় ব্যবসায়ীসহ অগণিত মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছি বর্তমান বাস্তবতায় তাদের জীবনের অভিজ্ঞতা । শত প্রতিকূলতার মাঝেও বার্কিংয়ের সাধারণ মানুষ এবং স্থানীয় ক্ষদ্র ব্যবসায়ীদের কর্মোদ্যম, অন্যের প্রতি সহমর্মিতা আমাকে অভিভূত করেছে । আর বার্কিং এলাকাকে তাঁরা গড়ে তুলেছেন বসবাসের জন্য অনন্য অসাধারণ আবাসস্থল হিসেবে ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, কনজার্ভেটিভ পার্টি আমাদের স্থানীয় কমিউনিটির এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে । এই দলটি এখন বড় ব্যবসায়ীদের পার্টি হিসাবে প্রতিষ্ঠিত । একজন ব্যবসায়ী হিসাবে জানি, ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনের জন্য বিনিয়োগ আবশ্যক। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে, কনজারভেটিভ পার্টি লণ্ডনে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করেনি, বিনিয়োগ করেনি আমাদের ইস্ট এণ্ড এবং বার্কিংয়ে।
তিনি বলেন, আজকের এই সংবাদ সম্মেলনে কনজারভেটিভ পার্টিকে আমি এই বার্তা দিতে চাই যে, তারা যেন আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা শোনে । বার্কিং এলাকার প্রবৃদ্ধির জন্য প্রয়োজন বিনিয়োগ, প্রয়োজন বিশেষ ক্যাপিটাল সহযোগিতা। গুরুত্বপূর্ণ এই পলিসিগুলোর পরিবর্তন না হলে আমাদের স্মল বিজনেস সেক্টরে ভয়াবহ সংকট আসন্ন । শুধুমাত্র এই শীতে নয়, বর্তমান কনজারভেটিভ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এই বিপর্যয় চলমান থাকবে।
উল্লেখ্য, ইব্রাহিম ডগাস ইতোপুর্বে লেবার পার্টির প্রার্থী হিসেবে দুইবার দুটো আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন । আগামী নির্বাচনে তিনি পূর্ব লন্ডনের বার্কিং আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চান । লেবার পার্টির মনোনয়ন প্রক্রিয়ায় তিনি শর্ট লিস্টেড হওয়ার অপেক্ষায় রয়েছে । শর্ট লিস্টে অন্তর্ভূক্ত হলে বার্কিং নির্বাচনী এলাকায় ওয়ার্ড-ভিত্তিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচনী এলাকায় ৮শ লেবার সদস্য রয়েছেন । তাঁদের সাথে তাঁর সম্পৃক্ততা রয়েছে । যদি লেবার পার্টি তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তাহলে তিনি এলাকায় ওয়ার্ড ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করবেন । তিনি লেবার সদস্যদের সহযোগিতা কামনা করেন ।

