সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল, মৃত্যু ৬৩
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকার ল্যাবে তাদের করোনা পজেটিভ আসে।
এর মধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জ জেলায় ২২ জন, হবিগঞ্জ জেলায় ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৭ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৪৭০টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সিলেট সদর উপজেলায়। এ উপজেলায় ৯৫ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব।
এছাড়া সিলেটের গোয়াইনঘাটে ৪ জন, বালাগঞ্জে ৪, বিশ্বনাথে ১, ফেঞ্চুগঞ্জে ৮, কানাইঘাটে ৪, জকিগঞ্জে ৩, সুনামগঞ্জের জগন্নাথপুরে ১, ছাতকের ১ ও হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে র্যাব সদস্য এবং চারজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২১৪ জনে দাঁড়ালো।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শুক্রবার (২৬ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে ২২ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। শুক্রবার শাবির ল্যাবে ১৬০টি নমুনা গ্রহণ করা হয়। পূর্বের সংগ্রহকৃত কিছু মিলিয়ে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনকে করোনা পজেটিভ আসে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এই নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩২ জন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানান, শুক্রবার (২৬ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ৮ জন এবং বাহুবলের দুইজন জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮৮ জন এবং মারা গেছেন ৬ জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, শুক্রবার (২৬ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজেটিভ আসে।আক্রান্তদের মধ্যে সদরের ১৮ জন, জুড়ীর ৫ জন, কুলাউড়ার ২ জন, কমলগঞ্জের ২ জন এবং রাজনগরের ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সংখ্যা ৪১৪ জনে। এর মধ্যে ১৫০ জন সুস্থ হয়েছেন এবং ৪ জন মারা গেছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২১৪ জন, হবিগঞ্জ জেলায় ৫৩৭ জন, সুনামগঞ্জে ৯৩২ জন ও মৌলভীবাজারের ৪১৪ জন।
সিলেট বিভাগে মারা গেছেন ৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৯৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১০ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৫০ জন।

