মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত কামরান
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ।
সোমবার (১৫ জুন) ২টা ৪০ মিনিটে মানিকপীর টিলায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে জোহরের নামাজের পর কামরানের বাসার পাশের ছড়ারপার জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
প্রথম জানাযার পর দ্বিতীয় জানাযার জন্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ মানিকপীর কবরস্থানে নেওয়া হয়।
সোমবার (১৫ জুন) বেলা ২টা ১০ মিনিটে মানিকপীর টিলা এলাকায় দ্বিতীয় জানাযার নামাজ সম্পন্ন হয়। করোনা ভয় উপেক্ষা করে কামরানের জানাযায় জনতার ঢল নামে।
রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। এর আগে গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়।

