করোনায় আক্রান্ত সাবেক মেয়র কামরান হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৬ জুন :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বমি ও জ্বর নিয়ে শনিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী আবাসিক মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত।
তিনি বলেন, উনার জ্বর আছে, সাথে বমি। তবে বমিটাই বেশি। যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র, সেক্ষেত্রে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। তবে যেকোন ভাইরাস জ্বরের সাথে বমি থাকতে পারে।
শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে।
এর আগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনা ভাইরাসে আক্রান্ত হন। বাসায় আইসোলেশনে থাকা আসমা কামরানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

